চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য শুল্কায়নের নতুন পদ্ধতি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাস্টম হাউসে গতকাল সোমবার থেকে পরীক্ষামূলকভাবে ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সফটওয়্যার চালু হয়েছে।
কাস্টম হাউসের মিলনায়তনে পণ্য শুল্কায়নের নতুন এ পদ্ধতি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (রাজস্ব) সদস্য এবং প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন।
এ উপলক্ষে গতকাল আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে মো. নাসির উদ্দিন বলেন, ওয়েবভিত্তিক নতুন এই পদ্ধতি পুরোপুরি বাস্তবায়ন হলে কাগজবিহীন শুল্কায়নব্যবস্থা শুরু হবে। এই পদ্ধতির ব্যবহার যত বাড়বে, ততই সুফল পাওয়া যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টম হাউসের কমিশনার মো. মাসুদ সাদিক। নতুন সফটওয়্যারের বিভিন্ন দিক উপস্থাপন করেন অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ মুশফিকুর রহমান।
মাসুদ সাদিক বলেন, ওয়েবভিত্তিক এ পদ্ধতি সফলভাবে বাস্তবায়ন হলে আগামী বছরের শেষে ‘সবুজ কাস্টম হাউস’ ধারণার পরিপূর্ণ রূপ পাবে। এটিকে এগিয়ে নিতে নিজেদের পদ্ধতি হিসেবে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন পদ্ধতির পাশাপাশি পুরোনো পদ্ধতিতে আগামী আগস্ট মাস পর্যন্ত পণ্য শুল্কায়নের ব্যবস্থা বহাল থাকবে। আগামী সেপ্টেম্বর থেকে শুধু নতুন পদ্ধতিতে কাস্টম হাউসের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। এরপর ধাপে ধাপে আগামী বছরের মাঝামাঝি সময়ে এই পদ্ধতি পূর্ণাঙ্গ রূপ পাবে।