চট্টগ্রাম কাস্টমসে ৭০ শতাংশ পদই খালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাণিজ্যের প্রধান পথ চট্টগ্রামের শুল্ক বিভাগ তথা কাস্টম হাউসের ৭০ শতাংশ পদই খালি। জনবলকাঠামো বা অর্গানোগ্রাম অনুযায়ী, সব মিলিয়ে সেখানে ১ হাজার ২৬০টি পদ আছে, বিপরীতে এখন জনবল আছেন ৩৮০ জন।

এ চিত্র উঠে এসেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আন্তসীমান্ত বাণিজ্য নিয়ে একটি গবেষণায়। ‘ট্রেডিং অ্যাক্রোস বর্ডারস-এ সাব ইনডেক্স অব ডুইং বিজনেস: প্রবলেমস অ্যান্ড ইস্যুজ’ শীর্ষক এ গবেষণাটি নিয়ে গতকাল রোববার বিডার কার্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

গবেষণায় বিশ্বব্যাংকের বরাত দিয়ে বলা হয়, কাস্টমসের কার্যদক্ষতার দিক দিয়ে বাংলাদেশ প্রতিযোগী ও প্রতিবেশী দেশগুলোর চেয়ে পিছিয়ে আছে। এ ক্ষেত্রে ভারত, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন ও পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে। পিছিয়ে আছে লাওস ও শ্রীলঙ্কা। বাংলাদেশে আন্তসীমান্ত বাণিজ্যে জটিলতাও বেশি। এ দেশে রপ্তানিতে রপ্তানিকারককে ১৩ ধরনের নথি জমা দিতে হয়। আমদানিতে প্রয়োজন হয় ৯ ধরনের নথি। বিপরীতে হংকং ও দক্ষিণ কোরিয়ায় প্রয়োজন হয় মাত্র ৩টি করে নথি।

গবেষণাটি করেছেন বিডার উপপরিচালক সঞ্জয় চক্রবর্তী। তিনি তাঁর উপস্থাপনায় বলেন, চট্টগ্রাম কাস্টমসের উপসহকারী কমিশনার পদের ৫৪ শতাংশ, সহকারী রাজস্ব কর্মকর্তা পদের ৬৯ শতাংশ, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদের ৫৪ শতাংশ পদ খালি। এ ছাড়া বিমানবন্দরের জন্য সহকারী রাজস্ব কর্মকর্তা পদের ৮৮ শতাংশ, বেসরকারি কনটেইনার ডিপোর ৯৩ শতাংশ ও নিলাম শাখার ৮৫ শতাংশ পদ খালি।

শূন্য পদের এ চিত্র সংগ্রহ করা হয়েছে গত মার্চ মাসে। সম্প্রতি এনবিআর চট্টগ্রাম বন্দর কাস্টমসের কার্যক্রম সপ্তাহে ৭ দিন ও ২৪ ঘণ্টা চালু রাখা শুরু করেছে। সে ক্ষেত্রে বাড়তি জনবল প্রয়োজন হবে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটা একটা বড় জনবলকাঠামো। ২০১৩ সালে এটি সম্প্রসারণ করা হয়। আমরা যত দ্রুত সম্ভব জনবল দিচ্ছি। যে পদ আছে, তার সবই পূরণ করার চেষ্টা হচ্ছে।’ তিনি বলেন, জনবল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে সহায়তা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ১৫০ জন সহকারী রাজস্ব কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমসে দেওয়া হয়েছে। আরও ৬৫০ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নেওয়া হবে, যার বড় অংশ চট্টগ্রাম কাস্টমসে দেওয়া হবে। তিনি আরও বলেন, বেশি জনবল থাকলে উচ্চতর তদারকি সম্ভব। চট্টগ্রামে সৎ ও বাণিজ্য সহায়ক কর্মকর্তা দেওয়া হবে।

ওই গবেষণায় আরও উল্লেখ করা হয়, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের ৫৪ শতাংশ, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের দপ্তরের ৪৩ শতাংশ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ২৪ শতাংশ ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের ১৯ শতাংশ পদ খালি।

আন্তসীমান্ত বাণিজ্যের বাধা-বিপত্তি ও সমস্যা খুঁজে বের করা এবং তা সমাধানের লক্ষ্যে নীতি সংস্কারে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করাই এ গবেষণার লক্ষ্য। বিডার পরিচালক তৌহিদুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মোজাম্মেল হক, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, কমলাপুর আইসিডি কাস্টম হাউসের কমিশনার ফারজানা আফরোজ, বিআইসিডিএর সভাপতি নুরুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন।