চট্টগ্রাম চেম্বারে জাল কর সনদ দিয়ে এক হাজার ভুয়া ভোটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন উপলক্ষে জাল কর সনদ (টিআইএন) দিয়ে এক হাজারেরও বেশি ভুয়া ভোটার হয়েছেবলে অভিযোগ উঠেছে।নির্বাচন সামনে রেখে ‘চট্টগ্রাম শিল্প-বণিক সমন্বয় পর্ষদ’ নামে নতুন ব্যবসায়িক মোর্চার আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সমন্বয় পর্ষদের আহ্বায়ক এস এম নুরুল হক।এস এম নুরুল হক অভিযোগ করে বলেন, ‘নিবন্ধন প্রক্রিয়ায় ভোটারের কর সনদ ও ট্রেড লাইসেন্সসহ আনুষঙ্গিক দলিলপত্র যাচাই করে ভোটার তালিকা প্রকাশ করতে হয়। এ ছাড়া নিয়মানুযায়ী বিকল্প প্রতিনিধির মাধ্যমে ভোট দেওয়ার কোনো আইনি বিধান নেই। কিন্তু এসব মানা হয়নি। এই অবস্থায় আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাধারণ ও সহযোগী শ্রেণীতে প্রায় এক হাজার ৭০ জন ভোটারের টিআইএন (করদাতা শনাক্তকরণ সংখ্যা) নকল বলে শনাক্ত করেছে। তারা চিঠি দিয়ে বিষয়টি চেম্বারের সভাপতি ও নির্বাচন কমিশনকে জানিয়েছে। কিন্তু চেম্বার কর্তৃপক্ষ ও নির্বাচনী বোর্ড এনবিআরের চিঠিকে পাশ কাটিয়ে নির্বাচন অনুষ্ঠানের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শিল্প-বণিক সমন্বয় পর্ষদ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ছয়টি দাবি তুলে ধরে। দাবিগুলো হচ্ছে: প্রকাশিত ভোটার তালিকা থেকে ভুয়া টিআইএনধারীদের বাদ দেওয়া ও রাজস্ব ফাঁকির দায়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, বিকল্প ভোটের বিধান বাতিল, নির্বাচন-বাণিজ্যে জড়িতদের চিহ্নিত করে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা, নীতিমালা অনুসরণ করে লিমিটেড ও অংশীদারি কোম্পানির সদস্যদের ভোটার করা, ভোটার আইডি চালু, ট্রেড লাইসেন্স যাচাই-বাছাই। সংবাদ সম্মেলনে ভুয়া টিআইএনধারীদের ভোটার ক্রমিক ও টিআইএনের তালিকা বিলি করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এরশাদ উল্লাহ, সাবেক পরিচালক নাসির উদ্দিন, নূরউদ্দিন, সাহাবউদ্দিন আহমেদ, মাঈন উদ্দিন, নূর মোহাম্মদ, আবু হায়দার চৌধুরী, বিজিএমইএর পরিচালক জাফর উল্লাহ খান, সাবেক পরিচালক হেলাল উদ্দিন, মোহাম্মদ মুছা, খাতুনগঞ্জ আমির মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, বিআইসিডির পরিচালক ওমর ফারুক, সেন্ট্রাল প্লাজা শপিং কমপ্লেক্সের সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী প্রমুখ।উল্লেখ্য, গত ৬ নভেম্বর চট্টগ্রাম চেম্বারের ২০১৩-১৪ সাল মেয়াদি নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে তা স্থগিত করা হয়। সাধারণ ও সহযোগী শ্রেণী মিলে এবারের ভোটার তালিকায় প্রায় সাত হাজার জনের নাম ওঠে।