চট্টগ্রাম চেম্বারের একতরফা নির্বাচনের আয়োজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বারের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে একতরফা বলে মন্তব্য করেছেন খোদ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামালউদ্দিন আহম্মদ। নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর গতকাল রোববার স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে এমন অভিমত দেন তিনি।জামালউদ্দিন আহম্মদ তিন সদস্যের নির্বাচন বোর্ডের সদস্য শামসুল হককে একতরফা নির্বাচন আয়োজনের জন্য দায়ী করেছেন। তাঁর এই অভিমতের সঙ্গে একমত পোষণ করে চেম্বারের বর্তমান সভাপতি এবং একটি প্যানেলের নেতা মোরশেদ মুরাদও গতকাল সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছেন।মোরশেদ মুরাদ জানান, আদালতের আদেশ অনুযায়ী ভোটার তালিকা ও চেম্বারের সংঘবিধি সংশোধন না করা পর্যন্ত তাঁরা নির্বাচনে অংশ নেবেন না।অন্যদিকে মাহবুবুল আলম ও নুরুন নেওয়াজের নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণার পর জটিলতা তৈরি হয়। নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের সভায় আদালতের নির্দেশনা ও আইন বিশেষজ্ঞদের মতামত নিয়ে নতুন এই সময় নির্ধারণ করা হয়েছে বলে নির্বাচন বোর্ডের সচিব ওসমান গণি চৌধুরী তখন এক বিজ্ঞপ্তিতে জানান।কিন্তু জামালউদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘আদালতের আদেশ মেনে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বলেছিলাম। কিন্তু তারা কিছুই মানছে না। তাই বাধ্য হয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছি।’ অন্যদিকে মো. শামসুল হক দাবি করেন, সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আদালতের আদেশ প্রসঙ্গে তিনি বলেন, মৃত ভোটারের নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে। রাজস্ব বোর্ড থেকে যেসব ভোটারের ভুয়া কর শনাক্তকরণ নম্বর জানানো হয়েছে, সেগুলো চট্টগ্রাম কর অঞ্চলে যাচাই করে সঠিক বলে প্রমাণ পাওয়া গেছে।পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে জামাল উদ্দিন আহম্মদ বলেন, বিকল্প নমিনি হিসেবে ভোটার তালিকায় নাম রয়েছে শামসুল হকের। নির্বাচন বোর্ড বা আপিল বোর্ডের কোনো সদস্য ভোটার তালিকাভুক্ত হতে পারেন না। এ বিষয়ে শামসুল হক বলেন, চেম্বারের বোর্ডের অনুমোদনক্রমে তাঁকে বোর্ড সদস্য করা হয়েছে।প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে ১২ নভেম্বর ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এনে উচ্চ আদালতে রিট আবেদন করেন চেম্বারের দুজন ভোটার। আদালত তখন নির্বাচন অনুষ্ঠানে এক মাস নিষেধাজ্ঞা আরোপ করেন ও ভোটার তালিকার অসংগতি দূর করার নির্দেশ দেন।