চট্টগ্রাম চেম্বারের নতুন নেতৃত্ব নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন উত্তাপ ছড়িয়েছিল নগরের রাজনীতির মাঠেও। তবে এবার পাল্টে গেছে সেই চিত্র। সংগঠনের ২৪ পরিচালক নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই।
আগামী ৫ মার্চ চেম্বারের ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আর ভোট গ্রহণ হবে না। তবে নিয়মের বাধ্যবাধকতার কারণে বেসরকারিভাবে নবনির্বাচিত পরিচালকদের অপেক্ষা করতে হবে ৫ মার্চ পর্যন্ত।
চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফৌজুল মবিন খান প্রথম আলোকে বলেন, আগামী ৫ মার্চ ভোট গ্রহণের দিন আনুষ্ঠানিকভাবে পরিচালকদের নাম প্রকাশ করা হবে। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে এই ২৪ জন পরিচালক নিজেদের মধ্যে থেকে দুই বছরের জন্য সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।
চেম্বার সূত্র জানায়, এবার মনোনয়নপত্র কিনেছিলেন ৩০ জন ব্যবসায়ী। তবে জমা দিয়েছেন ২৫ জন। জমা ও বাছাইয়ের শেষ দিনে গত বৃহস্পতিবার একজন ব্যবসায়ীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বাকি ২৪ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। তাঁরা সবাই চেম্বারের সাবেক সভাপতি সাংসদ এম এ লতিফের প্যানেলের। নির্বাচিত ব্যক্তিদের মধ্যে ১৬ জন বর্তমান পর্ষদের।
নবনির্বাচিত পরিচালকেরা হলেন এ কে এম আকতার হোসাইন, নুরুন নেওয়াজ সেলিম, অঞ্জন শেখর দাশ, এম এ মোতালেব, মাহবুবুল হক চৌধুরী, মাজহারুল হক চৌধুরী, আনোয়ার শওকত আফসার, মোহাম্মদ আরিফ ইফতেখার, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ রকিবুর রহমান, মোহাম্মদ জাহেদুল হক, সারোয়ার হাসান জামিল, মোহাম্মদ সিরাজুল
ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী, মাহবুবুল আলম, মাহফুজুল হক শাহ, অহিদ সিরাজ চৌধুরী, এস এম শামসুদ্দীন, হাবিব মহিউদ্দিন, মোহাম্মদ হাবিবুল হক, জহুরুল আলম, কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী ও সৈয়দ জামাল আহমেদ।