চট্টগ্রাম চেম্বারের নতুন নেতৃত্ব নির্বাচন
চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। নুরুন নেওয়াজ সেলিম জ্যেষ্ঠ সহসভাপতি ও সৈয়দ জামাল আহমেদ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।তাঁরা ২০১৩-১৪ সাল মেয়াদে দায়িত্ব পালন করবেন।চেম্বারের নবনির্বাচিত পরিচালকেরা গতকাল রোববার বিকেলে তাঁদের নির্বাচিত করেন। এর আগে গত শনিবার চেম্বারের ২৪টি পরিচালক পদের মধ্যে ২১টিতে নির্বাচন হয়। এর আগে তিনটি পদে তিনজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সব মিলিয়ে মাহবুব-সেলিম পরিষদ ২০টিতে ও প্রতিদ্বন্দ্বী মোরশেদ-ছালাম ঐক্য পরিষদ চারটিতে জয়ী হয়েছে। আগ্রাবাদে চেম্বার ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রাম চেম্বারের ভোট প্রদান পদ্ধতিতে সংস্কার হওয়ায় এবারের নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।তবে আউট স্টেশন ব্যালট পেপার বাতিলসহ আরও কিছু সংস্কারকাজ সম্পন্ন হলে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন পুরোপুরি স্বচ্ছ হবে বলে জামাল উদ্দিন আহমেদ মন্তব্য করেন। নির্বাচনে সর্বোচ্চ এক হাজার ৩২৭ ভোট পান মোরশেদ-ছালাম ঐক্য পরিষদের নেতা এম এ ছালাম।মাহবুব-সেলিম পরিষদ থেকে সাধারণ শ্রেণীতে মো. নুরুন নেওয়াজ সেলিম, এ কে এম আকতার হোসেন, এম এ মোতালেব, কামাল মোস্তফা চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ মোর্শেদ ও মো. দিদারুল আলম এবং সহযোগী গ্রুপ থেকে মাহবুবুল আলম, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী, সৈয়দ সগির আহমেদ ও মো. সিরাজুল ইসলাম নির্বাচিত হন। এ ছাড়া টাউন অ্যাসোসিয়েশন শ্রেণীতে আনোয়ার শওকত আফসার, বেলাল আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর এবং ট্রেড গ্রুপে সৈয়দ জামাল আহমেদ, মাজহারুল ইসলাম চৌধুরী ও মো. জহুরুল আলম নির্বাচিত হন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলের বিজয়ীরা হলেন মোরশেদ মুরাদ ইব্রাহীম, মোহাম্মদ আবদুছ ছালাম, মাহফুজুর রহমান ও মোরশেদ আরিফ চৌধুরী।শনিবারের নির্বাচনে সাধারণ শ্রেণীর পরিচালক পদে মোরশেদ-ছালাম পরিষদের আশিক ভূঁইয়া ও মাহবুব-সেলিম পরিষদের দিদারুল আলম সমান ভোট (১২০৮) পান। সে জন্য বিজয়ী নির্ধারণে লটারি করা হয়। এতে জয়ী হন দিদারুল আলম।প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের ব্যাপক প্রচার-প্রচারণার পরও এবার ভোট পড়েছে প্রায় ৬৯ শতাংশ।প্রসঙ্গত, চট্টগ্রাম চেম্বারের এবারের নির্বাচনে বিকল্প প্রতিনিধির (অলটারনেট নমিনি) মাধ্যমে ভোট প্রদানের প্রথা বাতিল করা হয়।