চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি মোরশেদ মুরাদ
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোরশেদ মুরাদ ইব্রাহিম। এ ছাড়া মাহবুব আলম তালুকদারকে জ্যেষ্ঠ সহসভাপতি ও নুরুন নেওয়াজ সেলিমকে সহসভাপতি নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত পরিচালকদের প্রথম সভায় এসব পদে নির্বাচন করা হয়। নবনির্বাচিত ২৪ জন পরিচালক নিজেরা ভোট দিয়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করেন। সভায় সভাপতিত্ব করেন চেম্বারের নবনির্বাচিত পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী। নতুন সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ক্রিস্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব আলম খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম ইলেকট্রো মার্ট লিমিটেডের চেয়ারম্যান।প্রসঙ্গত, গত মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ২৪ জন পরিচালক পদের একটি ছাড়া সব কটিতেই বর্তমান সভাপতি এম এ লতিফের নেতৃত্বাধীন চেম্বার পরিষদ জয়ী হয়। একটিতে জয়ী হয় সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বাধীন ব্যবসায়ী পরিষদ।