সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কাল বৃহস্পতিবারের নির্বাচন স্থগিত করেছেন। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে নির্বাচন স্থগিতের এই আদেশ দেওয়া হয়। আদেশে ভোটার তালিকা সংশোধন এবং নতুন করে তফসিল ঘোষণা করে আগামী ৩১ মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম চেম্বারের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এরশাদ উল্লাহ এবং চেম্বারের সদস্য জসীমউদ্দিনের আপিল আবেদনের পর আদালত এই আদেশ দেন। আদালতের এই নির্দেশনার পর গতকাল বিকেলে চেম্বারের নির্বাচন বোর্ডের সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক, বাণিজ্য সংগঠন থেকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। সাংসদ এম এ লতিফের সমর্থিত ব্যবসায়ীদের একটি অংশ আগামীকালের ‘একতরফা’ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ভোটার তালিকা সংশোধন না করে ‘একতরফা’ নির্বাচনের আয়োজন করায় প্রতিপক্ষের ব্যবসায়ীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। সেখানে হাইকোর্টের আদেশ অনুযায়ী ভোটার তালিকা সংশোধন না হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামালউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ অনুযায়ী নির্বাচন স্থগিত করা হয়েছে। আদালতের পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপিল বিভাগ ছাড়াও গতকাল একই বিষয়ে চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন কালকের নির্বাচনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। ব্যবসায়ী হেলালউদ্দিন চৌধুরীর করা মামলার শুনানিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়। প্রসঙ্গত, এর আগে আদালতের আদেশ অনুযায়ী ভোটার তালিকা এবং চেম্বারের সংঘবিধি সংশোধন না করে কাল বৃহস্পতিবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। এরপর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এই নির্বাচনকে একতরফা আখ্যায়িত করে এর সঙ্গে তাঁর কোনো রকম সংশ্লিষ্টতা নেই অভিযোগ তুললে আদালতের আদেশ বাস্তবায়ন না করার বিষয়টি ফাঁস হয়ে পড়ে।