চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ফের আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একতরফা নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে একটি পক্ষ। আগামী বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।অন্যদিকে নির্বাচন স্থগিত করার দাবি এবং আদালতের আদেশ না মেনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার অভিযোগ এনে আরেকটি পক্ষ সর্বোচ্চ আদালতে গেছে। এ বিষয়ে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে। এর ওপরই নির্ভর করছে চেম্বারের নির্বাচন হবে কি হবে না। প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকায় অসংগতির অভিযোগ বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। উচ্চ আদালত ভোটার তালিকা সংশোধনের নির্দেশনা দেন। এরপর নির্বাচন বোর্ড আগামী ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ২৮ জানুয়ারি পুনঃ তফসিল ঘোষণা করলে ফের বিরোধের সূত্রপাত হয়। সূত্র জানায়, সাংসদ এম এ লতিফ-সমর্থিত মাহবুবুল আলম ও নুরুন নেওয়াজের নেতৃত্বাধীন প্যানেল নির্বাচন করতে চাইছে। আর বর্তমান সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের প্যানেল নির্বাচন স্থগিত করার পক্ষে। ‘একতরফা নির্বাচনের’ বিরোধিতা করে সংক্ষুব্ধ তিনজন সদস্য উচ্চ আদালতে তিনটি রিট আবেদন করেছেন। ব্যবসায়ী নেতা এরশাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ওরা আদালত মানে না। তাই আমরা তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননা ও একতরফা নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছি।’ আরেক ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম বলেন, ‘১৪ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আদালতের আদেশের ব্যত্যয় ঘটেনি। তবু প্রতিপক্ষ উচ্চ আদালতে গেছে। আমরাও আপিল বিভাগে আমাদের বক্তব্য তুলে ধরব।’ তিন সদস্যের নির্বাচন বোর্ডের সদস্যদের দ্বন্দ্ব রয়েছে। বোর্ডের চেয়ারম্যান জামালউদ্দিন আহম্মেদ গত রোববার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানান, নির্বাচনী কার্যক্রমের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি নির্বাচন আয়োজনে বোর্ডের সদস্য শামসুল হকের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।শামসুল হকও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দাবি করেন, আদালতের আদেশ অনুযায়ী বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।