চট্টগ্রাম চেম্বারের নির্বাচন সম্পন্ন
অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন সম্পন্ন হয়েছে। আগ্রাবাদে চেম্বার ভবনে গতকাল শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের ব্যাপক প্রচার-প্রচারণার পরও ভোট পড়েছে প্রায় ৬৯ শতাংশ। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল। ফলাফল ঘোষণার পর ২৪ পরিচালক নিজেদের মধ্য থেকে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত করবেন।জানা গেছে, নির্বাচনে সাধারণ ও সহযোগী শ্রেণী মিলিয়ে ছয় হাজার আটজন ভোটারের মধ্যে ভোট দেন চার হাজার ১৩১ জন। তবে টাউন অ্যাসোসিয়েশন শ্রেণীতে ২৪ জনের মধ্যে ২৩ জনই ভোট দেন।এদিকে আবুল বাসার ভূঁইয়া ও কবির আহম্মদ নামের দুজন ভোটার অভিযোগ করেন, তাঁদের ভোট কে বা কারা আগেই দিয়েছে।অবশ্য নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে জাল ভোট দেওয়ার অভিযোগ আমরা পাইনি।’ ২৪টি পরিচালক পদের মধ্যে গতকাল ২১টিতে নির্বাচন হয়েছে। এতে মোরশেদ-ছালাম ঐক্য পরিষদের ১৭ জন এবং মাহবুব-সেলিম পরিষদের ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ইতিপূর্বে ট্রেড গ্রুপে মাহবুব-সেলিম পরিষদের তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।এবারের নির্বাচনে বিকল্প প্রতিনিধির (অল্টারনেট নমিনি) মাধ্যমে ভোট দেওয়ার প্রথা বাতিল করা হয়। সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা পর্ষদ বিকল্প প্রতিনিধি প্রথা বতিল করে। এদিকে আজ রোববার শেষ হচ্ছে চেম্বারের বর্তমান কার্যনির্বাহী পর্ষদের মেয়াদ। কাল সোমবার চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের সচিব অভীক ওসমান।