চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা বোর্ড গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। ৬ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন বোর্ড জানায়, বর্তমান ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রাম চেম্বারের নির্বাচন না করার জন্য গত ১২ নভেম্বর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন উচ্চ আদালত। এই অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত বৃহস্পতিবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন আদেশের ওপর স্থগিতাদেশ দেননি। ১২ ডিসেম্বরের মধ্যে দুটি রিট মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।উচ্চ আদালতের আদেশ অনুযায়ী, চট্টগ্রাম চেম্বারের ভোটার তালিকায় অসংগতি দূর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্বাচন পরিচালনা বোর্ড এখনো ভোটার তালিকায় অসংগতি দূর করার কাজ শুরু করতে পারেনি।নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন হচ্ছে না। এখন ভোটার তালিকায় অসংগতি দূর করার কাজ দ্রুত শুরু করব আমরা। এরপর আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’