চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মার্চ।নির্বাচন বোর্ড চেম্বারের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে জানায়, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৭ মার্চ। বিদ্যমান ভোটার তালিকায় অনিয়ম থাকলে তা সংশোধন করে ১১ মার্চের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে পরিচালক পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ১৩ মার্চ।জানতে চাইলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ভোটার তালিকায় ভুয়া কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) এবং ট্রেড লাইসেন্স যাচাইয়ের জন্য একটি কমিটি কাজ করছে। বিকল্প প্রতিনিধির মাধ্যমে ভোট দেওয়ার বিধান বাতিল করার বিষয়ে তিনজন আইনবিশেষজ্ঞের মতামত চাওয়া হয়েছে। এসব কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি, এগুলো শেষ করতে পারলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’প্রসঙ্গত, এর আগে দুই দফা নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ভোটার তালিকার অসংগতি নিয়ে বিরোধের সূত্র ধরে উচ্চ আদালতে একাধিক মামলা হয়। সব শেষে আদালত কিছু নির্দেশনা দিয়ে ৩১ মার্চের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বলেছে।