চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ২৪ পদে প্রার্থী ২৪ জন

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে এবার ভোটাভুটি হচ্ছে না। শতবর্ষী এই বাণিজ্য সংগঠনের ২৪ পরিচালক পদে ২৪ জনই প্রার্থী হয়েছেন। রোববার শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে পরিচালক পদ নিশ্চিত হয়ে গেছে সবার।

আগামী ১০ জুন চেম্বারের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আর ভোটের প্রয়োজন হচ্ছে না।

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বোর্ডের কমিশনার সরওয়ার হাসান জামিল রোববার প্রথম আলোকে বলেন, ‘চার ক্যাটাগরির ২৪ পরিচালক পদে ২৪ জনই জমা দিয়েছেন। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করে সঠিক পাওয়া গেছে।’

এবারের চেম্বারের নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয় গত ২১ মার্চ। গত ৬ মে মনোনয়নপত্র কেনার শেষ দিনে ২৪ পদের বিপরীতে ২৯ জন মনোনয়নপত্র কিনেছিলেন। তবে শেষ মুহূর্তে ৫ জন মনোনয়নপত্র জমা দেয়নি।

এবারের প্রার্থী তালিকায় বর্তমান কমিটির সভাপতি মাহবুবুল আলমসহ ১৩ জন রয়েছেন। বর্তমান কমিটিতে নেই এমন ১১ জন এবার প্রার্থী হয়েছেন। তাঁদের মধ্যে অনেকে বিগত কমিটিগুলোতে পরিচালক ছিলেন।

নির্বাচন কমিশন জানায়, পদের চেয়ে বেশি প্রার্থী না থাকায় প্রক্রিয়া শেষে ২৪ জন পরিচালককে নির্বাচিত ঘোষণা করা হবে। নির্বাচিত পরিচালকেরা তাঁদের মধ্য থেকে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি এবং একজন সহসভাপতি নির্বাচিত করবেন। কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে।