চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের দুই দিন আগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি প্যানেল বা পরিষদের নেতারা গতকাল বৃহস্পতিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। এতে এক পক্ষ আরেক পক্ষের আনীত অভিযোগ খণ্ডন করে। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এতে মোরশেদ-ছালাম ও মাহবুবুল আলম-নুরন নেওয়াজ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৪টি পরিচালক পদের মধ্যে ২১টিতে নির্বাচন হচ্ছে। বাকি তিনটিতে ইতিপূর্বে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে প্রথমে সংবাদ সম্মেলন করে মাহবুবুল আলম-নুরন নেওয়াজ সেলিম পরিষদ। তাদের অভিযোগ, চেম্বারের নির্বাচন নিয়ে কয়েক মাস ধরে একটি বিশেষ মহল ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিবৃতি ও বিজ্ঞাপন দিয়ে একদিকে চেম্বারের ভাবমূর্তি ও ঐতিহ্য ধ্বংস করছে, অন্যদিকে চট্টগ্রামের ব্যবসায়ী ও চেম্বারের সদস্যদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ক্ষমতা আঁকড়ে ধরার নির্লজ্জ তৎপরতায় জড়িত রয়েছে। তারা বিএনপি নেতাদের নিয়ে নির্বাচন বাতিল ও জয় পেতে বিকল্প প্রতিনিধির (নমিনি) মাধ্যমে ভোট দেওয়ার পক্ষে ছিল।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মোরশেদ মুরাদ ইব্রাহিম দ্বিতীয়বারের মতো সভাপতির পদ ধরে রাখার লোভে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ক্রিস্টাল ফিশারিজের মাঝিরঘাট কার্যালয়ের ফোন ও ফ্যাক্স নম্বর ব্যবহার করে শুধু সাধারণ শ্রেণীতেই ৩০৫টি ভোটার বানিয়েছেন। এতে শুধু মোরশেদ মুরাদের পরিবারেরই ৬৫টি ভোট রয়েছে। এর মধ্যে তাঁর নিজের ১৪টি, ভাই রাশেদ মুরাদ ইব্রাহিমের ১২টি ও ফয়সাল মুরাদ ইব্রাহিমের ১২টি, স্ত্রী মাহজাবীন মোরশেদের ছয়টি এবং চাচা আবদুল কাদেরের ২১টি ভোট রয়েছে।অভিযোগে আরও বলা হয়, চট্টগ্রাম চেম্বার সভাপতি পদাধিকার বলে সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হন। কিন্তু করখেলাপি হওয়ার কারণে মোরশেদ মুরাদ সেই মর্যাদা থেকে বঞ্চিত হয়েছেন।অপর দিকে জামালখান প্রেসক্লাবের অদূরে নগরের সিনিয়রস ক্লাবে গতকাল দুপুরে পাল্টা সংবাদ সম্মেলন করে মোরশেদ-ছালাম ঐক্য পরিষদ। এতে বর্তমান সভাপতি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো খণ্ডন করেন। প্রতিপক্ষের জবাবে তিনি বলেন, ‘আমরা চার প্রজন্ম ধরে ব্যবসায়ী। ফোন-ফ্যাক্সের মাধ্যমে ভোটার করা হলেও আমার পরিবারের সবারই নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তাঁরা সবাই নিয়মিত কর দিয়ে থাকেন এবং সবার টিআইএন আছে।’সিআইপি নির্বাচিত না হওয়া প্রসঙ্গে মোরশেদ মুরাদ বলেন, ‘আমার স্ত্রী একজন সাংসদ এবং আমার আন্তর্জাতিক যে পাসপোর্ট রয়েছে, সেই হিসেবেও আমি রাষ্ট্রীয় মর্যাদা পেয়ে থাকি। আর আগামী মাসে ঢাকায় আমাদের একটি ব্যাংক চালু হচ্ছে, সেখানে আমি পরিচালকের দায়িত্বে থাকব। একজন করখেলাপি তো ব্যাংকের পরিচালক হতে পারেন না।