চট্টগ্রাম চেম্বারের ভোট নিয়ে নির্বাচন বোর্ড দ্বিধাবিভক্ত
চট্টগ্রাম চেম্বারের নির্বাচন নিয়ে নির্বাচন ও আপিল বোর্ড দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষ ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারিই নির্বাচন করতে চায়। আরেক পক্ষ আদালতের আদেশ মেনে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে চায়। নির্বাচন বোর্ডের সচিব ওসমান গণি চৌধুরী গত সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের নতুন তারিখ নির্ধারণের কথা জানান। নির্বাচন ও আপিল বোর্ডের সভায় আদালতের নির্দেশনা ও আইন বিশেষজ্ঞদের মতামত নিয়ে নতুন এই সময় নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে পরদিন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ বোর্ডের সচিবকে এক চিঠিতে নতুন তারিখ স্থগিত করার কথা জানাতে বলেন এবং আদালতের আদেশ অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের তাগিদ দেন। জামালউদ্দিন আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন না করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে আইনি জটিলতা তৈরি হবে। নির্বাচন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।আবার নির্বাচন বোর্ডের সদস্য মো. শামসুল হক ও ফৌজুল মোবিন খান এবং আপিল বোর্ডের চেয়ারম্যান আবদুল মান্নান ও সদস্য জামালউদ্দিন দেওয়ান গত বুধবার এক যৌথ বিবৃতিতে বলেন, গত ১৯ জানুয়ারি দুই বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে চেম্বারের নির্বাচন আয়োজনের তারিখ নির্ধারণ করা হয় ১৪ ফেব্রুয়ারি। এই অবস্থায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের বিবৃতি সাংঘর্ষিক ও উদ্দেশ্যমূলক।প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে ১২ নভেম্বর ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এনে উচ্চ আদালতে রিট আবেদন করেন চেম্বারের দুজন ভোটার। তখন আদালত নির্বাচন অনুষ্ঠানে এক মাসের নিষেধাজ্ঞা আরোপ করে ভোটার তালিকার অসংগতি দূর করার নির্দেশ দেন।জানা গেছে, চট্টগ্রাম চেম্বারের এবারের নির্বাচনে সাংসদ এম এ লতিফ-সমর্থিত মাহবুবুল আলম ও নুরুন নেওয়াজ একটি এবং বর্তমান সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম আরেকটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন বোর্ডের নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচনে অংশ নিতে আমরা প্রচারণা শুরু করেছি।’ মোরশেদ মুরাদ বলেন, আদালতের আদেশে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শেষ হয়নি। সেই সংশোধন-প্রক্রিয়া শেষ না করে কীভাবে নির্বাচন হবে? তিনি বলেন, ভোটার তালিকায় আট শতাধিক কর শনাক্তকরণ নম্বর জাল পাওয়া গেছে। প্রথম দফায় ৩৬টি ট্রেড লাইসেন্সের মধ্যে তিনটি জাল বলে জানিয়েছে সিটি করপোরেশন। ভোটার তালিকার এসব ভুলত্রুটি সংশোধন করে নির্বাচন দিতে হবে।