চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) প্রাথমিক ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন সংগঠনের কিছু সদস্য। নির্বাচন পরিচালনায় গঠিত বোর্ডের কাছে তাঁরা গতকাল বুধবার অভিযোগও করেন। আগামী ৬ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশিত হয়। ২৩ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।জানা যায়, গতকাল দুপুরে ভি মার্ক ফ্যাশন ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক এরশাদ উল্লাহর পক্ষে প্রাথমিক ভোটার তালিকায় বিকল্প প্রতিনিধির নাম থাকায় অভিযোগ দেওয়া হয়। পরে আরও কয়েকজন সদস্য একই অভিযোগ করেন।জানতে চাইলে এরশাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বাণিজ্য সংগঠন বিধি ১৯৯৪ অনুযায়ী ভোটার তালিকায় বিকল্প প্রতিনিধির নাম থাকার সুযোগ নেই। কিন্তু চেম্বারের প্রাথমিক ভোটার তালিকায় বিকল্প প্রতিনিধির নাম রয়েছে।’বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি: নির্বাচনে বিকল্প নমিনি এবং প্রক্সিভোটের বিষয়ে বাণিজ্য সংগঠন বিধি অনুসরণ করতে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখা চট্টগ্রাম চেম্বারকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, বাণিজ্য সংগঠন বিধি অনুযায়ী ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটারের উপস্থিতি বাধ্যতামূলক। প্রক্সির মাধ্যমে ভোট দেওয়া নিষিদ্ধ।