চট্টগ্রাম চেম্বারের মিশ্র প্রতিক্রিয়া
আগামী ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম। খবর ইউএনবি’র।চট্টগ্রাম চেম্বারের সভাপতি বলেন, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়া, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া ও টাকার বিনিময় হার কমার কারণে করমুক্ত আয়ের সীমা এক লাখ ৮০ হাজারের পরিবর্তে তিন লাখ টাকা করা উচিত। তিনি বলেন, ন্যূনতম পরিশোধযোগ্য করের পরিমাণ দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকায় নির্ধারণের প্রস্তাব করায় সাধারণ করদাতাদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে।মোরশেদ মুরাদ ইব্রাহীম বলেন, ভৌত অবকাঠামো খাতে ৫৩ হাজার ৩৩০ কোটি টাকা বরাদ্দ রাখায় তাতে কৃষি খাতে স্বয়ম্ভরতা অর্জনে সহায়ক হবে। বাজেটে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনঃ অর্থায়নসহ বিভিন্ন খাতে কর রেয়াত এবং পরিবেশবান্ধব শিল্পায়নে ঋণসুবিধা সহজলভ্য করার উদ্যোগ নেওয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।চট্টগ্রাম চেম্বারের সভাপতি বলেন, এই বাজেটের ৫২ হাজার ৬৮ কোটি টাকার ঘাটতি মেটানো খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’