চট্টগ্রাম চেম্বারের স্থগিত নির্বাচনের গোপন ব্যালট পেপার বাইরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বার নির্বাচনের ১০৮টি ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী, এসব ব্যালট পেপার চেম্বার কার্যালয়ে থাকার কথা। আজ বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।সুপ্রিম কোর্টের আদেশে গত মঙ্গলবার এ নির্বাচন স্থগিত করা হয়। স্থগিতের আগে তিন সদস্যের নির্বাচন বোর্ডের দুই সদস্য মো. শামসুল হক এবং ফৌজুল মবিন খান একতরফাভাবে নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন।বাইরে পাওয়া ব্যালট পেপারে ‘আউট স্টেশন ব্যালট পেপার’ সিল রয়েছে। তার মানে নির্বাচনের দুই সপ্তাহ আগে মূল শহরের বাইরের ভোটারদের ঠিকানায় তা পাঠানোর কথা। সেই অনুসারে ভোট দিয়ে ফিরতি একটি খামে ভোটাররা তা নির্বাচনের আগের দিন চট্টগ্রাম চেম্বারের সচিবের ঠিকানায় পাঠাবেন। কিন্তু একসঙ্গে এতগুলো ব্যালট পেপার পাওয়া যাওয়ায় সন্দেহ তৈরি হয়। এখন সন্দেহ হচ্ছে এগুলো আদৌ পাঠানো হয়েছিল কিনা।তবে জানতে চাইলে শামসুল হক বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ার পর শহরের বাইরের ভোটারদের ঠিকানায় এসব ব্যালট পেপার পাঠানো হয়েছিল। কিন্তু নির্বাচন স্থগিত হওয়ায় এগুলোর একটিও চেম্বারের ঠিকানায় আসেনি। চেম্বারে না পাঠিয়ে কেউ খাম খুলে ব্যালট পেপার হয়তো ফেলে দিতে পারে। একই রকম মন্তব্য ফৌজুল মবিন খানের।স্থগিত হওয়া নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানান, এ একতরফা নির্বাচনে তাঁর সংশ্লিষ্টতা নেই। গতকাল তিনি বলেন, চেয়ারম্যানের সই ছাড়া ব্যালট পেপার পাঠানো ঠিক হয়নি। গোপন ব্যালট বাইরে পাওয়া যাওয়ার কথাও নয়।