চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট উড্ডয়ন-অবতরণ কার্যক্রম গুটিয়ে নিচ্ছে কুয়েত এয়ারওয়েজ। ২৭ মার্চ সর্বশেষ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যাবে বলে কুয়েত এয়ারওয়েজ সূত্রে জানা গেছে।শনিবার কুয়েত এয়ারওয়েজ এ ব্যাপারে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। ওই চিঠি অনুযায়ী ২৭ মার্চ বিকেল সাড়ে চারটায় কুয়েত এয়ারওয়েজের সর্বশেষ ফ্লাইট চট্টগ্রাম থেকে কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে। ২০০৯ সালের ২৯ অক্টোবর চট্টগ্রাম বিমানবন্দর থেকে ফ্লাইট চালু করে কুয়েত এয়ারওয়েজ। এটি চট্টগ্রাম থেকে কুয়েত হয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার মধ্যে চলাচল করত। শুরু থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করত এই রুটে।কুয়েত এয়ারওয়েজের জ্যেষ্ঠ তদারককারী (সুপারভাইজার) শাহেদ ইকবাল প্রথম আলোকে বলেন, ‘সৌদি আরবে শ্রমিক নিয়োগ বন্ধ থাকার পাশাপাশি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ায় আমরা ক্রমশ লোকসান দিতে থাকি। দীর্ঘদিন এই লোকসান বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়।’শাহেদ ইকবাল আরও বলেন, ‘ফ্লাইট চালুর শুরু থেকেই আমরা জানতাম চট্টগ্রামের বাজার পুরোপুরি মধ্যপ্রাচ্যভিত্তিক। সম্প্রতি মধ্যপ্রাচ্যে খারাপ অবস্থার জন্য আমরা সমস্যার মুখোমুখি হই। তাছাড়া চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের বাইরে পশ্চিমে কোনো বাজার সম্প্রসারিত হয়নি।’ ভবিষ্যতে পরিস্থিতি অনুকূল হলে আবারও এ সার্ভিস শুরু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।জানা যায়, এর আগে ২০০৮ সালের ২৮ নভেম্বর চট্টগ্রাম থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ হয়ে যায়। তারও আগে নিজেদের গুটিয়ে নেয় সিল্ক এয়ারওয়েজ। এ অবস্থায় ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২৭ মার্চ থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট চট্টগ্রাম ও ব্যাংককের মধ্যে চলাচল শুরু করবে বলে জানা গেছে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুরু থেকেই কুয়েত এয়ারওয়েজ চট্টগ্রাম থেকে যাত্রী পেলেও চাহিদা অনুযায়ী পণ্যসামগ্রী পাচ্ছিল না। কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে ২৩২ জন যাত্রীর পাশাপাশি ১৫ টন মালামাল পরিবহন করতে সক্ষম। কিন্তু ওই পরিমাণ মালামাল কুয়েত এয়ারওয়েজ বেশির ভাগ সময়ই পায়নি বলে জানা গেছে।