চট্টগ্রাম থেকে কলকাতায় নভোএয়ারের ফ্লাইট শুরু

চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
গতকাল বুধবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা রুটের প্রথম ফ্লাইট উদ্বোধন করা হয়।
গতকাল চট্টগ্রাম–কলকাতা–চট্টগ্রাম পথে উড্ডয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান, পরিচালক হাসিবুর রশিদ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মোহাম্মদ রিয়াজুল কবিরসহ বিমানবন্দরের বিভিন্ন সংস্থা ও নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে ফিরতি পথের ভাড়া সর্বনিম্ন ১১ হাজার ৫৫৫ টাকা (সব ট্যাক্সসহ) নির্ধারণ করা হয়েছে। এ পথে সপ্তাহে সোম, বুধ ও শনিবার মোট তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।
নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন বেলা ২টা ৫০ মিনিটে তাদের বিমান চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।
এর আগে ১ ডিসেম্বর থেকে ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার।
ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফিরতি পথের ভাড়া সর্বনিম্ন ৯ হাজার ৯৯৯ টাকা (সব করসহ) নির্ধারণ করা হয়েছে। এ পথে বর্তমানে সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রোববার মোট চারটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
ঢাকা থেকে বেলা ২টা ২৫ মিনিটে কলকাতার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মফিজুর রহমান বলেন, ২০১৩ সাল থেকে সাফল্যের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ইয়াঙ্গুনে ফ্লাইট পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।