চট্টগ্রাম থেকে কাল কৃষ্ণপত্তম যাচ্ছে এমভি হারবার-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় মালিকানাধীন কনটেইনার জাহাজ ‘এমভি হারবার-১’ আগামীকাল বৃহস্পতিবার ১৭৬টি কনটেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের কৃষ্ণপত্তম বন্দরের উদ্দেশে যাত্রা করবে। এটি সেই দেশের বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত কৃষ্ণপত্তম বন্দরে পৌঁছাবে আগামী মঙ্গলবার। পরদিন সেখান থেকে ছেড়ে চট্টগ্রাম বন্দরে ফিরে আসবে ২৮ মার্চ। এরপরে আবার ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনালে পৌঁছাবে ৩০ মার্চ।
বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় পণ্য পরিবহনে ইতিমধ্যে দুই দেশের নৌ-কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে ‘এমভি হারবার-১’। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে বানানো হয় এ জাহাজ। এটি মাদারীপুর-১ আসনের সাংসদ নূরে আলম চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান নিপা পরিবহন লিমিটেডের মালিকানাধীন।
চট্টগ্রাম বন্দর জেটিতে গতকাল মঙ্গলবার সকালে এই জাহাজটির উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বন্দর জেটিতে বেলুন উড়িয়ে জাহাজটি উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভায় মন্ত্রী শাজাহান খান বলেন, শুরুতে অল্প কনটেইনার পরিবহন করলেও চট্টগ্রাম বন্দরে এখন ২০ লাখ কনটেইনার পরিবহন হচ্ছে। একইভাবে ঢাকার কমলাপুর কনটেইনার ডিপোতেও এখন ৬৯ হাজার কনটেইনার পরিবহন হচ্ছে। উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় শুরুতে ভারতে অল্প কনটেইনার পরিবহন হলেও একদিন এটি খুবই জনপ্রিয় হবে।
বন্দরের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কমোডর জুলফিকার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, নৌপরিবহনসচিব অশোক মাধব রায়, ভারতীয় দূতাবাসের প্রথম সচিব রাকেশ রহমান, কৃষ্ণপত্তম বন্দরের মিডিয়া উপদেষ্টা রবি রামপ্রাসাদ, নিপা পরিবহনের নির্বাহী কর্মকর্তা সিরাজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সাংসদ নূরে আলম চৌধুরী অসুস্থ হয়ে পড়ায় বক্তব্য দেননি।
গত বছরের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি সই হয়। এরপর গত ১৫ নভেম্বর চুক্তি বাস্তবায়নের জন্য পরিচালন পদ্ধতির মান (এসওপি) সই হয়। এসওপি অনুযায়ী, প্রাথমিকভাবে বাংলাদেশের সাতটি এবং ভারতের সাতটি নৌ ও সমুদ্রবন্দরে উপকূলীয় চুক্তির আওতায় জাহাজ চলাচল করবে। বাংলাদেশের সাতটি বন্দর হলো চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর, পানগাঁও নৌ-টার্মিনাল, আশুগঞ্জ, নারায়ণগঞ্জ ও খুলনা নৌবন্দর। অপরদিকে ভারতের সাতটি বন্দর হলো চেন্নাই, কৃষ্ণপত্তম, বিশাখাপট্টনম, কাকিনাদা, প্যারাদ্বীপ, হলদিয়া ও কলকাতা।
এর আগে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় চলাচলযোগ্য প্রথম জাহাজ হিসেবে শুধু বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছিল চট্টগ্রামের প্রান্তিক গ্রুপের জাহাজ ‘এমভি রোদেলা’। জাহাজটি চট্টগ্রাম থেকে কলকাতা বন্দরে নয়বারে প্রায় ১ হাজার ২০০ একক কনটেইনার পণ্য আনা-নেওয়া করে। খরচ পোষাতে না পেরে গত বছর সেপ্টেম্বরে এ নৌপথ থেকে জাহাজটি প্রত্যাহার করে নেওয়া হয়।