
পাটজাত মোড়কে নির্ধারিত ১৭টি পণ্যের বাধ্যতামূলক ব্যবহার বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনার প্রথম দিন গতকাল সোমবার চট্টগ্রাম থেকে সারা দেশে পণ্য পরিবহনে ধীরগতি ছিল। যদিও গতকাল চট্টগ্রাম জেলায় এই আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের কোনো অভিযান পরিচালিত হয়নি।
গত ৯ এপ্রিল আন্তমন্ত্রণালয়ের সভায় এই আইন বাস্তবায়নের জন্য ১৫ মে (গতকাল সোমবার) থেকে দেশব্যাপী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনেও বিষয়টি জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনে, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুঁড়া—এই ১৭ পণ্য উৎপাদন, বাজারজাত ও মজুতকালে পাটের বস্তায় মোড়কীকরণ নিশ্চিত করার কথা ব্যবসায়ীদের।
নির্ধারিত ১৭টি পণ্যের আমদানি ও উৎপাদনের হিসাব পর্যালোচনা করে দেখা যায় যে ধান, চালসহ এই ১৭টি পণ্যের বার্ষিক উৎপাদন প্রায় ৯ কোটি টনের বেশি। উৎপাদন ছাড়াও গত অর্থবছরে এই ১৭টি পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছিল প্রায় ১ কোটি টন। বন্দর দিয়ে আমদানি পণ্য চট্টগ্রাম থেকে নৌপথে ও সড়কপথে সারা দেশে পরিবহন করা হয়। আমদানি পণ্যের মধ্যে শুধু গম পরিবহনে পাটের ব্যাগ ব্যবহৃত হচ্ছে বর্তমানে।
গতকাল সোমবার নগরের মাঝিরঘাটে দেখা যায়, কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটে লাইটার জাহাজ থেকে পাটের বস্তায় ভরে গম খালাস হচ্ছে। আরেকটি ঘাটে দেখা যায়, পিপি (পলিপ্রপাইনিল) ব্যাগে ভরে মটর ডাল ট্রাকে বোঝাই করা হচ্ছে। ঘাট থেকে খালাস করে কাছাকাছি গুদামে এসব পণ্য নেওয়া হচ্ছে। এসব পণ্য বেচাকেনা হয় পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে। সেখান থেকে চলে যায় দেশের বিভিন্ন স্থানে।
খাতুনগঞ্জের একাধিক ব্যবসায়ী জানান, পাটের ব্যাগে পরিবহন না করলে শাস্তির মুখোমুখি হতে হবে এমন ভয়ে দেশের নানা স্থান থেকে ভোগ্যপণ্যের অনেক ক্রেতা পণ্য সরবরাহ নেওয়ার সময় দু-এক দিন পিছিয়ে দিয়েছেন।
জানতে চাইলে পণ্য পরিবহনকারী সংস্থা নিউ সানফ্লাওয়ার পরিবহনের কর্ণধার জীবন সাহা বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকজন ব্যবসায়ী আজ (সোমবার) চট্টগ্রাম থেকে পণ্য সরবরাহ নিতে চাননি। দু-এক দিন পরিস্থিতি দেখে তাঁরা পণ্য সরবরাহ নেওয়ার কথা জানান। এ কারণে রোজার বেচাকেনার মৌসুমে স্বাভাবিক সময়ের চেয়ে সোমবার পণ্য পরিবহনে ধীরগতি ছিল।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, নির্ধারিত পণ্য পাটের ব্যাগে মোড়কীকরণ করতে হবে। ব্যবসায়ীদেরও আপত্তি নেই। তবে ১৭টি পণ্য পরিবহনে বিপুলসংখ্যক পাট ব্যাগের প্রয়োজন হলেও এখনো সরবরাহ কম। আবার সামনে রোজা আসছে। এ দুটি বিষয় সামনে রেখে এখনই কঠোর অবস্থানে যাওয়া উচিত হবে না। রোজা পর্যন্ত শিথিল করা উচিত।
অভিযানের বিষয়ে পাট অধিদপ্তরের কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, চট্টগ্রাম জেলায় অভিযান পরিচালিত না হলেও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় চারটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে আটটি মামলায় ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।