চট্টগ্রাম থেকে শুল্কবিষয়ক বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরু
চট্টগ্রাম কাস্টম হাউসে গতকাল বৃহস্পতিবার শুল্কবিষয়ক বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরু হয়েছে।এই ব্যবস্থায় আমদানিকারক ও শুল্ক কর্মকর্তা দুই পক্ষ মুখোমুখি বসে শুল্কবিষয়ক বিরোধ নিরসন করবেন। আর দুই পক্ষকে সাহায্য করতে একজন সহায়তাকারী থাকবেন। ইতিমধ্যে এই কার্যক্রমের বিধি প্রণয়ন করা হয়েছে। এতে সহযোগিতা করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার এই কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান ও তপন চৌধুরী বক্তব্য দেন।চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ড. মারুফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) আঞ্চলিক বিজনেস লাইন লিডার পারমিতা দাস গুপ্ত, ঢাকাভিত্তিক মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি আনিস উদ দৌলা, চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রামের মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এ এম মাহবুব চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজস্ব বোর্ডের সদস্য (মূল্য সংযোজন কর নীতি) মো. ফরিদ উদ্দিন।অনুষ্ঠানে জানানো হয়, আমদানিকারক আবেদন করার পর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নতুন বিরোধ নিষ্পত্তি করতে হবে। মামলায় আটকে থাকা বিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা হবে ৬০ দিন। এ জন্য ইতিমধ্যে ১২ জন সহায়তাকারী নির্বাচন করা হয়েছে।নাসিরউদ্দিন আহমেদ জানান, বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক), শুল্ক ও আয়কর বিভাগের ২১ হাজার মামলায় প্রায় ১২ হাজার কোটি টাকার রাজস্ব আটকে আছে। এই রাজস্বের একটা অংশ যেন দ্রুত আদায় হয় সে জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (অলটারনেটিভ ডিসপুট রিজল্যুশন—এডিআর) কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউস দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন হওয়ায় এখান থেকেই এডিআর পদ্ধতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে।এনবিআর চেয়ারম্যান আশাবাদ বলেন, এই বিকল্প ব্যবস্থায় আগামী জুনের মধ্যে প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় হতে পারে। আগামী অর্থবছরে এই হার কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ কে আজাদ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ব্যবসায়ী ও সরকার একযোগে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি বলেন, প্রাক্-জাহাজীকরণ পরিদর্শন (পিএসাই) সংস্থাগুলোর মধ্যে গলদ দেখা দিয়েছে। এসব সংস্থা দেশ থেকে শত কোটি টাকা নিয়ে যাক, আমরা তা চাই না।রোকেয়া আফজাল রহমান বলেন, এই উদ্যোগ সফল হলে ব্যবসায়ী ও সরকার দুই পক্ষই লাভবান হবে। যত দ্রুত বিকল্প বিরোধ নিষ্পত্তি হবে তত বেশি সফলতা আসবে।তপন চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীরা শখ করে মামলা-মোকদ্দমা করেন না। ব্যবসায়ীদের ভোগান্তি দূর করতে আমরা শুল্কবিষয়ক বিরোধের দ্রুত নিষ্পত্তি চাই।’