চট্টগ্রাম থেকে সরকার ৩৪,৩৫৬ কোটি টাকার রাজস্ব পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে সদ্য সমাপ্ত অর্থবছরে সরকারি কোষাগারে জমা পড়েছে ৩৪ হাজার ৩৫৬ কোটি টাকার রাজস্ব।
চট্টগ্রাম কাস্টম হাউস, আয়কর বিভাগ এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এই তিন প্রতিষ্ঠান থেকে এ রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায়ে এককভাবে বড় প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে এবার লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে।
বিদায়ী ২০১২-১৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৮৯০ কোটি টাকা। রাজস্ব আদায় হয়েছে ২৩ হাজার ২৭৯ কোটি টাকা। অবশ্য গত বছরের চেয়ে রাজস্ব আদায় বেড়েছে ৪৭৮ কোটি টাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. মাসুদ সাদিক গতকাল কাস্টম হাউসে এক অনুষ্ঠানে বলেন, ডলারের বিনিময়মূল্য কমে যাওয়ায় রাজস্ব আদায়ে প্রভাব পড়েছে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও আগের অর্থবছরের চেয়ে রাজস্ব আদায় বেড়েছে।
রাজস্ব আদায়ের অন্য প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় লক্ষ্যমাত্রার চেয়ে ৭৫৫ কোটি টাকা বেশি আদায় করেছে। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা চার হাজার ৭২৫ কোটি টাকার বিপরীতে প্রতিষ্ঠানটি আদায় করেছে পাঁচ হাজার ৪৮০ কোটি টাকা। এ ছাড়া আয়কর বিভাগের চারটি অঞ্চল থেকে আদায় হয়েছে পাঁচ হাজার ৫৯৭ কোটি টাকা। গতবার আদায় হয় চার হাজার ৪৭৭ কোটি টাকা।