চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর ব্যবহার করে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সুযোগ আছে বাংলাদেশের। কারণ চীনের ইউনান প্রদেশের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারত, পাকিস্তান, আফগানিস্তানসহ এশিয়ার অন্য দেশগুলোর যোগাযোগের মূলে রয়েছে। সুতরাং, আন্তর্জাতিক বাণিজ্যিক বিবেচনায় চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশ অর্থনীতি সমিতির চট্টগ্রাম চ্যাপ্টারের দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলন ও আঞ্চলিক সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এসব কথা বলেন। গতকাল শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি সমিতির চট্টগ্রাম চেম্বারের সভাপতি মু. সিকান্দর খান।রেহমান সোবহান বলেন, সীমান্ত দিয়ে পণ্য পরিবহন সারা বিশ্বে স্বাভাবিক ব্যাপার। কেবল বাংলাদেশে এটি বিতর্কের ইস্যু। এই বিতর্ক অশিক্ষিতের বিতর্ক বলে মন্তব্য করেন তিনি।আঞ্চলিক যোগাযোগ-ব্যবস্থার জন্য এখনই সড়ক ও রেল অবকাঠামোর দিকে নজর দেওয়া দরকার বলে একাধিক আলোচক মন্তব্য করেন। তাঁরা বলেন, অবকাঠামোর দিক থেকে আমরা কেবল পিছিয়ে পড়ছি। আগে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে পাঁচ ঘণ্টা লাগত। এখন লাগছে ১০ ঘণ্টা। বর্তমান যোগাযোগমন্ত্রী আরও কিছুদিন দায়িত্বে থাকলে এই পথ অতিক্রম করতে ১৫ ঘণ্টা লাগবে বলেও মন্তব্য করেন কেউ কেউ।সেমিনারে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা এবং ট্রানজিট ও ট্রানশিপমেন্ট-বিষয়ক দুটি কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। সেমিনারের দুটি কার্য অধিবেশনে নয়টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মইনুল ইসলাম, প্রকৌশলী সুলতান মাহমুদ, অধ্যাপক ইরশাদ কামাল খান, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, মো. আলী আশরাফ প্রমুখ।মইনুল ইসলাম বলেন, ‘স্থলবন্দর দিয়ে বৈধভাবে পণ্য ওঠানো নামানো হয় কম। বরং চোরাপথে এখনো বেশি পণ্য আসা-যাওয়া করছে। গবেষণা করে দেখেছি, আগে ৩০০ সাংসদের মধ্যে ১০৪ জনের চোরাচালানের সঙ্গে সম্পর্ক ছিল। রাজনীতির দুর্বৃত্তায়নের কারণে উন্নয়নও বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মুস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ-ব্যবস্থা গড়ে তুলতে যত দেরি হবে, ততই পিছিয়ে পড়ব আমরা। বাংলাদেশের সামনে এই সুযোগ আবার ফিরে আসার সুযোগ নেই।’ কারণ হিসেবে মুস্তাফিজুর রহমান বলেন, ব্যয়বহুল হলেও বিকল্প পথ বেছে নেবে প্রতিবেশীরা, তারা বসে থাকবে না। তবে আঞ্চলিক যোগাযোগ-ব্যবস্থায় বাংলাদেশকেও সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করতে হবে।চট্টগ্রাম বন্দর নিয়ে সুলতান মাহমুদ বলেন, বন্দরে শ্রমিকেরা কোনো সমস্যা নন, বরং একাধিক গোষ্ঠীর নিজেদের স্বার্থ নিয়ে টানাটানিই বন্দরের মূল সমস্যা। এতে যেমন দরপত্র প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, তেমনি অবকাঠামো উন্নয়নও হচ্ছে না। এই টানাটানির কারণে তিন বছর আগে একটি অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ শেষ হলেও সেখানে বিশ্বমানের অপারেটর নিয়োগ করা হয়নি বলে জানান সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ প্রশ্ন রাখেন, এখনই যেখানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে কনটেইনার নিয়ে যেতে তিন সপ্তাহ লাগছে, সেখানে আগরতলায় কীভাবে নেওয়া হবে? আলোচকেরা বলেন, ভূবদ্ধ হওয়ার কারণে আসামসহ ভারতের সাত রাজ্যে মাথাপিছু আয় শুধু কমছে। এসব দেশের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে মাথাপিছু আয় বাড়বে। মাথাপিছু আয় বাড়লে বাংলাদেশ থেকে রপ্তানিও বাড়বে। আলোচকেরা আরও বলেন, বন্দর তার ভূমিকা পালন করতে পারছে না। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন না করে এখন কুয়াকাটায় বন্দর করার জন্য উঠেপড়ে লেগেছেন মন্ত্রীরা। অথচ আগে দরকার বিদ্যমান বন্দরের অবকাঠামো উন্নয়ন ও দক্ষতা বাড়ানো।সেমিনারে বন্দর ব্যবস্থাপনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী ও হালিমা বেগম। এ ছাড়া ট্রানজিট ও ট্রানশিপমেন্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবুল কালাম আযাদ, অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন খান, অধ্যাপক নিতাই চন্দ্র নাগ, এ এ আতাউল করিম চৌধুরী ও অধ্যাপক মায়মুন আলী।