চট্টগ্রাম বন্দর উন্নয়নে তিন মেয়াদি কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ—এই তিন মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বন্দরের পরিচালন কর্মকাণ্ড ও শ্রম-সম্পর্কিত ১১টি বিষয়ে এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। আজ বৃহস্পতিবার জেলার সার্কিট হাউসে উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে এসব কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর নবগঠিত বন্দর উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য এসব কর্মপরিকল্পনা তৈরি করে। এ বছর জুন পর্যন্ত বাস্তবায়নযোগ্য ধরে স্বল্পমেয়াদি পরিকল্পনা তৈরি করা হয়েছে। এ ছাড়া আগামী বছর ডিসেম্বর পর্যন্ত মধ্যমেয়াদি এবং ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নাধীন প্রকল্পগুলোকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে এই তিন মেয়াদে ৬৯টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, উপদেষ্টা কমিটির বৈঠকে তিন মেয়াদি এই কর্মপরিকল্পনা উপস্থাপন করা হবে। স্বল্পমেয়াদি পরিকল্পনায় যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে সেগুলোও তুলে ধরা হবে। বন্দর সূত্রে জানা গেছে, কর্মপরিকল্পনায় বন্দরের ধারণক্ষমতা বৃদ্ধি, কনটেইনার ওঠানামার যন্ত্রপাতি সংগ্রহ, দক্ষতা বাড়ানো, নাব্যতা বজায় রাখা, বন্দরসীমানা বর্ধিতকরণ, দরপত্র পদ্ধতি সংস্কার, নিরাপত্তাব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শ্রমব্যবস্থা উন্নতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কর্মপরিকল্পনায় বন্দরের দক্ষতা বাড়াতে কর্মপরিকল্পনায় ১৯টি বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে আগামী জুনের মধ্যে কনটেইনার সরবরাহ কেন্দ্র বৃদ্ধি, রপ্তানিপণ্য বোঝাইয়ের সময়সীমা শিথিল না করা, যেসব কনটেইনার বেসরকারি ডিপোতে নেওয়া হবে সেগুলো একটি নির্দিষ্ট ইয়ার্ডে নামিয়ে রাখা ইত্যাদি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া ব্রেক বাল্কের বার্থসংখ্যা বাড়ানোর মধ্যমেয়াদি পরিকল্পনাও নেওয়া হয়েছে।বন্দরের দক্ষতা বাড়াতে যন্ত্রপাতি সংগ্রহেরও পরিকল্পনা আছে তিন মেয়াদেই। আগামী জুনের মধ্যে ৩৪টি যন্ত্রপাতি সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী জুনের আগেই এসব যন্ত্রপাতি বন্দরের কনটেইনার ওঠানামায় ব্যবহার করা সম্ভব হবে বলে জানা গেছে। এ ছাড়া আগামী বছরের ডিসেম্বরের মধ্যে আরও ৪২টি যন্ত্রপাতি সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।বন্দরের প্রধান সমস্যা শ্রমব্যবস্থা উন্নত করতে সাতটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে মজুরি তালিকা প্রণয়ন, শ্রমিক-কর্মচারীদের পরিচয়পত্র প্রদান, কল্যাণমূলক কার্যক্রম নিশ্চিত করা, স্থায়ী শ্রমকল্যাণ শাখা চালু এবং বন্দর ব্যবহারকারী শ্রমিকদের জন্য একটি ট্রেড ইউনিয়ন গঠন ইত্যাদি।