চট্টগ্রাম বন্দর জেটিতে আজ থেকে বড় জাহাজ ভিড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর জেটিতে প্রায় দেড় যুগ পর আজ শুক্রবার থেকে বড় আকারের ফিডার জাহাজ ভিড়বে।
বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘১৭ বছর পর আগামীকাল (আজ) শুক্রবার থেকে সর্বোচ্চ ১৯০ মিটার লম্বা ও ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশের গভীরতা) জাহাজ জেটিতে ভেড়ানো যাবে। ১৯৯৭ সাল থেকে টানা ১৭ বছর ধরে জেটিতে জাহাজ ভেড়ানোর সর্বোচ্চ অনুমোদিত দৈর্ঘ্য ছিল ১৮৬ মিটার ও ড্রাফট ছিল ৯ দশমিক ১ মিটার।’
চেয়ারম্যান বলেন, নতুন এ সিদ্ধান্তের ফলে প্রতিটি জাহাজে এখনকার চেয়ে ১১০টি বেশি কনটেইনার কিংবা দুই থেকে আড়াই হাজার টন বেশি তরল পণ্য তথা তেল পরিবহন করা যাবে। আর বছরে ২০ লাখ টন মালামাল পরিবহনের সুযোগ হবে। এতে বছরে অন্তত ২০০ কোটি টাকা সাশ্রয় হবে। একই সঙ্গে লাইটার জাহাজে পণ্য পরিবহনের খরচও বাঁচবে।
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম শাহজাহান, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়া বক্তব্য দেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর জোয়ার-ভাটানির্ভর একটি প্রাকৃতিক বন্দর। শুধু জোয়ারের সময় জাহাজগুলো বন্দরের নিজস্ব পাইলটের মাধ্যমে সাগর থেকে কর্ণফুলী নদী দিয়ে বন্দরের মূল জেটিতে আনা-নেওয়া করা হয়। জাহাজের দৈর্ঘ্য ও গভীরতা বাড়ানোর বড় সীমাবদ্ধতা হচ্ছে কর্ণফুলীর প্রবেশমুখে আউটার বার (সাগর ও নদীর সংযোগস্থল), ইনার বার ও গুপ্তবার।
নিজামউদ্দিন আহমেদ বলেন, এক বছর ধরে সংস্কার করে জেটিতে বড় জাহাজ ভেড়ার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে গুপ্তবার, ইনারবার ও আউটারবার এ তিন স্থানের গভীরতা ও প্রশস্ততা আগের চেয়ে বেড়েছে। এর মধ্যে গুপ্তবারের প্রশস্ততা ৭৫ থেকে ১০০ মিটার বাড়ানো হয়েছে।
তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে কমবেশি ৩৩ হাজার টন পণ্যবাহী জাহাজ জেটিতে ভেড়ানোর সুযোগ তৈরি হবে। অর্থাৎ বড় আকারের ফিডার জাহাজের (ফিডারম্যাক্স) মাধ্যমেই কনটেইনার আনা-নেওয়া করতে হবে। কিন্তু কনটেইনারবাহী বড় জাহাজ (মাদার ভেসেল) ভেড়ার সুযোগ নেই এই বন্দরে। একইভাবে ৩৫ হাজার থেকে ৯০ হাজার টন খোলা, বস্তাবন্দী ও জ্বালানি তেলবাহী জাহাজগুলো কুতুবদিয়া ও বহির্নোঙর এলাকায় অবস্থান করে পণ্য খালাস করতে হবে।
কনটেইনার পরিবহনের সংখ্যায় বিশ্বের ১০০টি বন্দরের মধ্যে চার ধাপ এগিয়ে চট্টগ্রাম বন্দর ৮৬তম অবস্থানে উন্নীত হওয়ায় অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যানকে সনদ প্রদান করেন ক্যাপ্টেন জিল্লুর রহমান ভূঁইয়া। তিনি শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট-এর প্রতিনিধি হিসেবে এ সনদ তুলে দেন।