চট্টগ্রাম বন্দর থেকে ক্রেনবিহীন নয়টি ফিডার জাহাজ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে চলাচলকারী নয়টি গিয়ারলেস বা ক্রেনবিহীন ফিডার জাহাজ প্রত্যাহার করা হয়েছে।জানা গেছে, বন্দরে ক্রেনবিহীন জাহাজের সংখ্যা দ্রুত বাড়ার কারণে জট সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠায় বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন শিপিং কোম্পানিকে এ ধরনের জাহাজ প্রত্যাহারের পরামর্শ দিয়েছিল। সে অনুযায়ীই জাহাজের সংখ্যা কমানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গিয়ারলেস জাহাজের কন্টেইনার ওঠানো-নামানো বিশেষ ধরনের গ্যান্ট্রি ক্রেন ছাড়া সম্ভব হয় না। তা-ও আবার একটি ক্রেনবিহীন জাহাজ থেকে কন্টেইনার ওঠাতে-নামাতে একসঙ্গে দুটি গ্যান্ট্রি ক্রেন দরকার হয়। অথচ চট্টগ্রাম বন্দরে সাকল্যে গ্যান্ট্রি ক্রেন আছে মাত্র চারটি। ফলে একসঙ্গে দুটির বেশি গিয়ারলেস জাহাজ থেকে কন্টেইনার ওঠানো-নামানো সম্ভব হয় না।অন্যদিকে চট্টগ্রাম বন্দরে ছয় মাসে গিয়ারলেস জাহাজের সংখ্যা নয়টি থেকে বেড়ে ১৯টিতে দাঁড়ায়। এ প্রসঙ্গে শিপিং ব্যবসায়ীরা জানান, ক্রেনবিহীন জাহাজে ক্রেনযুক্ত জাহাজের চেয়ে বেশি কনটেইনার পরিবহন করা যায় এবং এতে ভাড়াও তুলনামূলক কম। এ কারণেই চট্টগ্রাম বন্দরে ক্রেনবিহীন জাহাজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পায়।তবে ক্রেনবিহীন জাহাজের সঙ্গে সংগতি রেখে গ্যান্ট্রি ক্রেনের সংখ্যা না বাড়ায় চট্টগ্রাম বন্দরে জাহাজের জট বাড়তে থাকে। জানা গেছে, ২০০৪ সালে চট্টগ্রাম বন্দরে প্রথম চারটি গ্যান্ট্রি ক্রেন সংযোজন করা হয়। এরপর গত ছয় বছরে বন্দরে গ্যান্ট্রি ক্রেন চলাচলের জন্য জেটি-সুবিধা সৃষ্টি করা হলেও আর কোনো গ্যান্ট্রি ক্রেন কেনা হয়নি।বন্দরের জাহাজের অবস্থানসূচি থেকে জানা গেছে, গত এক-দেড় মাসে প্রতিটি ক্রেনবিহীন জাহাজ গড়ে বন্দরে অবস্থান করেছে ১৪ দশমিক ৩০ দিন। এ সময় প্রতিটি ক্রেনবিহীন জাহাজকে জেটিতে ভিড়ে পণ্য খালাস ও বোঝাই করতে বহির্নোঙরের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় সাড়ে ১১ দিন। জেটিতে পণ্য খালাস ও বোঝাই করতে সময় লেগেছে ২ দশমিক ৮১ দিন।ফিডার অপারেটরদের প্রতিনিধি ক্যাপ্টেন সাহেদ চৌধুরী প্রথম আলোকে জানান, ক্রেনবিহীন জাহাজের সংখ্যা প্রায় অর্ধেক কমে গেছে।চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, এই বন্দরে জাহাজের গড় অবস্থান বাড়ার একটি কারণ হচ্ছে, ক্রেনবিহীন জাহাজের সংখ্যা বৃদ্ধি। বন্দর কর্তৃপক্ষের অনুরোধে ফিডার অপারেটররা ক্রেনবিহীন জাহাজ কমিয়ে আনায় এখন গড় অবস্থানের সময় কমছে। জাহাজের জটও কমছে।চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনাকারী বেসরকারি সংস্থা সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনও প্রথম আলোকে বলেন, ক্রেনবিহীন জাহাজ কমতে থাকায় জাহাজের গড় অবস্থান সময়ও কমতে শুরু করেছে।ফিডার অপারেটরদের সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর দিয়ে বর্তমানে প্রায় ৫২টি ফিডার জাহাজ (কনটেইনারবাহী মাঝারি আকারের জাহাজ) চলাচল করছে। এর মধ্যে ক্রেনবিহীন জাহাজ আছে ১০টি (প্রত্যাহূত নয়টি বাদে)।২০০৯-১০ অর্থবছরে চট্টগ্রাম বন্দরে মোট কনটেইনার ওঠানো-নামানো হয় ১২ লাখ ১২ হাজার ৬৫২ ইউনিট। শুধু সিসিটির দুটি জেটিতে ওঠানো-নামানো হয় চার লাখ ৬৯ হাজার ৭৭১ ইউনিট। গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে এখন প্রতি মাসে এই টার্মিনালে ৪০ থেকে ৪৫ হাজার ইউনিট কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে।প্রসঙ্গত, বন্দরে চালু থাকা ১৬টি জেটির মধ্যে ১০টি কনটেইনার জেটি। এর মধ্যে দুটি জেটিতে ক্রেনবিহীন জাহাজ এবং আটটি জেটিতে ক্রেনযুক্ত জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো হয়।