চট্টগ্রাম বন্দর দিয়ে গত মাসে কনটেইনারে পণ্য পরিবহন কমে গেছে
চট্টগ্রাম বন্দর দিয়ে গত মাসে কনটেইনার পরিবহন কমেছে। গত মাসে এক লাখ ১৩ হাজার ৫২১ একক (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) কনটেইনার পরিবহন হয়।মাসভিত্তিক কনটেইনার ওঠানামার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কম কনটেইনার পরিবহন হয়েছে গত নভেম্বরে। কনটেইনার পরিবহন কমে যাওয়ায় বন্দরে প্রতিনিয়ত তিন থেকে চারটি কনটেইনার জেটি খালি থাকছে। গতকাল মঙ্গলবারও খালি ছিল চারটি জেটি। এতে কাজ কমেছে বেসরকারি অপারেটরের অধীনে নিয়োজিত শ্রমিকদের। বেসরকারি ডিপোতেও কনটেইনার ওঠানামা কমেছে।বন্দর সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে কনটেইনার ওঠানামা হয় পাঁচ লাখ ৯২ হাজার। গত অর্থবছরের একই সময়ে হয় পাঁচ লাখ ৩৭ হাজার। এর আগে ২০১০-১১ অর্থবছরে প্রায় পাঁচ লাখ ৯৮ হাজার একক কনটেইনার ওঠানামা হয়। অর্থাৎ গত বছরের চেয়ে বাড়লেও ২০১০-১১ অর্থবছরের চেয়ে কমেছে কনটেইনার পরিবহন।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘নভেম্বর মাসে কনটেইনার পরিবহন কমলেও সামনে বাড়বে বলে আশা করছি।’ তিনি বলেন, মাসভিত্তিক হিসাবে কনটেইনার ওঠানামা কম-বেশি হয়। সাধারণত ডিসেম্বর-জানুয়ারি মাসে কনটেইনার ওঠানামা বেশি হয়। বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কনটেইনারে আমদানি ও রপ্তানি পণ্যের মধ্যে সিংহভাগ পোশাকশিল্প খাত-সংশ্লিষ্ট। এ ছাড়া পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, চামড়া ইত্যাদি পণ্যও কনটেইনারে রপ্তানি হয়। কনটেইনারে আমদানি হয় ইলেকট্রনিকস সামগ্রী, ভোগ্যপণ্য, শিল্পের মূলধনী যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ ইত্যাদি।বিশ্বের বিভিন্ন বন্দর থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার চারটি বন্দরের মাধ্যমে ফিডার জাহাজে করে এসব কনটেইনার চট্টগ্রাম বন্দরে আনা-নেওয়া হয়। প্রসঙ্গত, সমুদ্রপথে কনটেইনারে পণ্য পরিবহনের প্রায় ৯৬ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হয়। এর বাইরে মাত্র ৪ শতাংশ পরিবহন হয় মংলা বন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দরই বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর ও আমদানি-রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র।