চট্টগ্রাম বন্দর-পানগাঁও নৌপথে কনটেইনার ওঠানো-নামানো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও নৌপথে পরীক্ষামূলকভাবে কনটেইনার ওঠানো-নামানো শুরু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে নৌমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল জেটিতে ‘পানগাঁও এক্সপ্রেস’ জাহাজে কনটেইনার তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। একই সময়ে বন্দরে কনটেইনারভর্তি আমদানি পণ্যে নিরাপত্তা তদারকির জন্য একটি স্ক্যানার যন্ত্র উদ্বোধন করেন মন্ত্রী। এ যন্ত্র দিয়ে কনটেইনারভর্তি আমদানি পণ্যে নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী কোনো পণ্য আছে কি না, তা সহজে শনাক্ত করা সম্ভব হবে।
এর আগে বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘মোবাইল স্ক্যানার ভেহিক্যাল ও দুটি কনটেইনার জাহাজের পরিদর্শন’ অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরানীগঞ্জের পানগাঁও নৌ-টার্মিনাল উদ্বোধন করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে নৌপথে কনটেইনার পরিবহন শুরু হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এতে বক্তব্য দেন নৌপরিবহনসচিব সৈয়দ মনজুরুল ইসলাম। এ সময় বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর ও পানগাঁও রুটে জাহাজের লাইসেন্স পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো গত দুই বছরে একটি জাহাজও সংগ্রহ করতে পারেনি। তবে বন্দর জাহাজ সংগ্রহ করে সেটি দেখিয়ে দিয়েছে।
নিজামউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ১৫৭ নটিক্যাল মাইল (২৯০ কিলোমিটার) দূরে অবস্থিত পানগাঁও নৌ-টার্মিনালে কনটেইনার পরিবহনে ১৬ ঘণ্টা সময় লাগবে। দেশের সংকটাপন্ন অবস্থায় বন্দরের তিনটি জাহাজ দিয়ে কনটেইনার পরিবহন সম্ভব হবে।
এদিকে অনুষ্ঠান শেষে বন্দরের বোর্ড সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান প্রথম আলোকে বলেন, পানগাঁও এক্সপ্রেস জাহাজটিতে ১২৮টি খালি কনটেইনার বোঝাই করা হয়েছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এটি পানগাঁওয়ের উদ্দেশে বন্দর ছাড়তে পারেনি। আবহাওয়া অনুকূল থাকলে আজ রোববার এটি পানগাঁওয়ের উদ্দেশে বন্দর ছেড়ে যাবে।
এম শাহজাহান আরও বলেন, পানগাঁও-চট্টগ্রাম রুটে চলাচলের জন্য প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি ছোট আকারের কনটেইনার জাহাজ সংগ্রহ করছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে পানগাঁও এক্সপ্রেস ও পানগাঁও সাকসেস জাহাজ দুটি বন্দরে আছে। পানগাঁও ভিশন জাহাজটি আগামী মাসের প্রথম সপ্তাহে দুবাই থেকে বন্দরে আনা হবে।