চট্টগ্রাম বন্দরে আবার কনটেইনার জট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ থেকে পণ্যভর্তি কনটেইনার নামানো হলেও বন্দর চত্বর থেকে কনটেইনার খালাস হচ্ছে না। যে কারণে ঈদের ছুটির আগের দিন থেকে বন্দর চত্বরে কনটেইনারের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা ৪৮ ঘণ্টার হরতাল। সব মিলিয়ে বন্দরের পরিচালন কর্মকাণ্ড স্থবিরতার মুখে পড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর চত্বরে যেখানে আমদানি পণ্যভর্তি ১৯ হাজার ৪৮৭টি কনটেইনার রাখার জায়গা আছে, সেখানে গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত পড়ে ছিল ২২ হাজার ১৬৬টি। অর্থাৎ আড়াই হাজারেরও বেশি বাড়তি কনটেইনার পড়ে রয়েছে। জাহাজ থেকে কনটেইনার নামতে থাকায় সংখ্যা আরও বাড়ছে এবং জট তৈরি হচ্ছে।আমদানি পণ্যভর্তি কনটেইনারসহ বন্দরে রপ্তানি পণ্যভর্তি, বেসরকারি ডিপোগামী ও খালি কনটেইনারের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৪২টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে)। এই বন্দরে গত কয়েক বছরে একসঙ্গে এত বিপুলসংখ্যক কনটেইনার পড়ে থাকার নজির নেই। সব মিলিয়ে কাগজে-কলমে এখানে ৩০ হাজার ৮৮৬টি কনটেইনার রাখার জায়গা থাকলেও বন্দরের তিনটি চত্বরে (৪ ও ৬ নম্বর এবং বাপেক্স) সংস্কারকাজ চলায় এবং এনসিটি ইয়ার্ড পুরোপুরি চালু না হওয়ায় প্রকৃত ধারণক্ষমতা কমে ২৫ হাজার ৫০০ একক কনটেইনারে দাঁড়িয়েছে। এই হিসাবে ধারণক্ষমতার বেশি কনটেইনার পড়ে আছে। বন্দর বোর্ডের সাবেক সদস্য হাদী হোসেন প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ধারণক্ষমতার ৭০ শতাংশের বেশি কনটেইনার পড়ে থাকলে কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তর ও খালাসের মতো পরিচালন কার্যক্রম গতিশীল রাখা যায় না। বন্দর সূত্র জানায়, ঈদের দিন বন্দরে কনটেইনার ওঠানো-নামানো থেকে সব ধরনের পরিচালন কার্যক্রম বন্ধ থাকে। ঈদের পর দিন সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত মোট কনটেইনার ওঠানো-নামানো হয়েছে পাঁচ হাজার ৫৮৫টি। এর মধ্যে আমদানি পণ্যভর্তি কনটেইনার নেমেছে দুই হাজার ৭৩১টি। কিন্তু আমদানিকারকেরা একটি কনটেইনারও খালাস নেননি। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পণ্য খালাস করেন আমদানিকারকেরা। তাঁরা পণ্য খালাস না করায় কনটেইনার জমে গেছে। তবে এখনো বন্দরের পরিচালন কার্যক্রম স্বাভাবিক আছে। জানা গেছে, বন্দর চত্বর থেকে আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগ কর্মী এখনো ঈদের ছুটিতে থাকায় কনটেইনার থেকে পণ্য খালাস হচ্ছে ধীরগতিতে। আবার টানা দুই দিন হরতালের কারণে বিপদে পড়ার শঙ্কা আছে। কারণ, এ সময়ে ঢাকা অঞ্চল থেকে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার চট্টগ্রাম আসবে না। আমদানি পণ্যও খালাস হবে কম।