এক বছরের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে গাড়ি আমদানির হার বেড়েছে প্রায় ১৯ শতাংশ।২০০৯ সালে এ বন্দর দিয়ে গাড়ি আমদানি হয় ৩৭ হাজার ৬৩৪ ইউনিট, যা সংখ্যায় আগের ২০০৮ সালের ৩১ হাজার ৬৫২ ইউনিট গাড়ির চেয়ে প্রায় ছয় হাজার বেশি। এদিকে আমদানি বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে গাড়ি রাখার স্থান সংকুলান হচ্ছে না। এ কারণে জেটিতে ভিড়তে না পেরে গতকাল বুধবারও বহির্নোঙরে অপেক্ষা করছিল গাড়িবাহী দুটি জাহাজ। এ দুটি জাহাজে রয়েছে এক হাজার ৬৫২টি গাড়ি।এ ছাড়া ২৩ জানুয়ারি এ বন্দরে আরও একটি গাড়িবাহী জাহাজ ভিড়তে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, এ বন্দরে গতকাল চার হাজার ৮১৪ ইউনিট গাড়ি ছিল, যা বন্দরটির মোট ধারণক্ষমতার (চার হাজার ইউনিট) চেয়ে ৮১৪ ইউনিট বেশি। এর মধ্যে দুই হাজার ৫৯টি গাড়ি ৩০ দিনের বেশি পড়ে থাকলেও খালাস করে নেননি আমদানিকারকেরা। এর বাইরে এক থেকে সর্বোচ্চ ১৫ বছরের পুরোনো গাড়ি পড়ে আছে ১৩৩ ইউনিট।চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, বন্দরে এখন ধারণক্ষমতার চেয়ে বেশি গাড়ি পড়ে থাকার কারণে গাড়ি নিয়ে আসা জাহাজ দুটিকে জেটিতে ভিড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। জানা গেছে, ১২ জানুয়ারি ৯২১ ইউনিট গাড়ি নিয়ে বহির্নোঙরে পৌঁছে ওরেঞ্জ হরিজন নামের একটি বিশেষায়িত জাহাজ। ১৬ জানুয়ারি ৭৩১ ইউনিট গাড়ি নিয়ে বন্দরে আসে ইউজিন নামের আরও একটি জাহাজ। প্রথম জাহাজটি আসার আট দিন ও পরেরটির চার দিন পেরিয়ে গেলেও এখনো জেটিতে ভিড়তে পারেনি। জাহাজের স্থানীয় প্রতিনিধিরা জানান, গাড়ি খালাস করতে না পারায় জাহাজের মালিককে প্রতিদিন ১০ হাজার মার্কিন ডলারের বেশি ক্ষতি গুনতে হচ্ছে। এতে বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন।বন্দর সূত্রে জানা গেছে, ২০০৪ সালের পর থেকে প্রতিবছর এ বন্দর দিয়ে গাড়ি আমদানি বাড়ছে। ২০০৫ সালে ১৩ হাজার ২৯৮ ইউনিট, ২০০৬ সালে ১৭ হাজার ৩৪২ ইউনিট, ২০০৭ সালে ২০ হাজার ৮৯৫ ইউনিট এবং ২০০৮ সালে ৩১ হাজার ৬৫২ ইউনিট গাড়ি আমদানি হয়।আমদানিকৃত গাড়ির মধ্যে ৯৫ শতাংশই একবার ব্যবহূত অর্থাত্ পুরোনো গাড়ি। গত বছর আমদানি হওয়া ৩৭ হাজার ৬৩৪ ইউনিট গাড়ির মধ্যে ছিল ৩৫ হাজার ৫৩৭ ইউনিট পুরোনো এবং দুই হাজার ৯৭ ইউনিট নতুন গাড়ি।চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেটে শুল্কহার বাড়ানোর পরও গাড়ি আমদানি বাড়ার কারণ সম্পর্কে ব্যবসায়ীরা বলছেন, রাজস্ব বোর্ড পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও সর্বশেষ সংশোধিত আমদানিনীতিতে এখন ছয় বছরের পুরোনো গাড়ি আমদানির সুযোগ আছে। নতুন আমদানিনীতি আদেশে এই সুযোগ থাকবে না এমন আশঙ্কা থেকে ব্যবসায়ীরা তুলনামূলক সস্তা দামের ছয় বছর বয়সী গাড়ি আমদানি করছেন। এর ফলে গত কয়েক মাসে গাড়ি আমদানি বেড়েছে।চট্টগ্রাম কাস্টমস হাউসের এক হিসাবে দেখা গেছে, আমদানির ক্ষেত্রে রাজস্ব আদায়ে গাড়ি এখন দ্বিতীয় বড় খাত। গত অর্থবছরে শুধু মোটরকার ও জিপ থেকে আমদানিতে রাজস্ব আদায় হয় এক হাজার ৮৫০ কোটি টাকা। রাজস্ব আদায়ের দিক থেকে প্রথম খাত হচ্ছে জ্বালানি তেল।