চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামার রেকর্ড
চট্টগ্রাম বন্দরে এবার কনটেইনার ওঠানামার রেকর্ড হয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে আগের বছরের একই সময়ের চেয়ে এখানে কনটেইনার ওঠানামা বেড়েছে প্রায় সাড়ে ২২ শতাংশ।মূলত পোশাকশিল্পের রপ্তানি বাড়ায় কনটেইনার ওঠানামা বেশি হয় বলে জানান বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বন্দর সূত্রে জানা গেছে, চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম ১১ মাসে বন্দরে কনটেইনার ওঠানামা হয়েছে ১৩ লাখ ৫৭ হাজার ৫৬৯ কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ), যা আগের ২০০৯-১০ অর্থবছর ছিল ১১ লাখ আট হাজার ৬২৯টি। অর্থাৎ এক বছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামা বেড়েছে দুই লাখ ৪৮ হাজার ৯৪০ ইউনিট বা ২২ দশমিক ৪৫ শতাংশ।বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পণ্যের পরিমাণের দিক থেকে এবার চট্টগ্রাম বন্দরে প্রায় ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই বন্দরে গত ১১ মাসে কনটেইনার ভর্তিসহ মোট পণ্য ওঠানামা হয়েছে চার কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৮৮৯ টন, যা আগের অর্থবছরের একই সময় ছিল তিন কোটি ৩৯ লাখ ১৮ হাজার ৭৮৬ টন।এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমদানি-রপ্তানি বাড়ায় কনটেইনার ওঠানামার হার বেড়েছে। ভবিষ্যতে বাড়তি কনটেইনার ওঠানামার দায়িত্ব পালনের জন্য নিউমুরিং কনটেইনার টার্মিনাল দ্রুত বেসরকারি ব্যবস্থাপনায় (এসওটি-ভিত্তিতে) দেওয়ার প্রক্রিয়া চলছে। দুই বছরের মধ্যে এই টার্মিনাল পুরোদমে বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে। সে ক্ষেত্রে প্রতিবছর কনটেইনার ওঠানামা বাড়লেও কাজটি করতে কোনো সমস্যা হবে না।’সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, খাদ্যশস্যবাহী জাহাজ বেশি আসায় এনসিটি টার্মিনালের অব্যবহূত তিনটি জেটিও পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এসব জেটিতে সাধারণ পণ্যবাহী জাহাজ ভেড়ানো হচ্ছে। এই হিসেবে বন্দরের ১০টি জেটিতে কনটেইনার, নয়টিতে বাল্ক ও ব্রেকবাল্ক জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে। বন্দর সূত্রমতে, ১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন শুরু হয়। এর এক বছর পর প্রতিবছরই কনটেইনার ওঠানামার হার বেড়েছে। ১৯৯০-৯১ সালে কনটেইনার ওঠানামা প্রায় সাড়ে আট শতাংশ হ্রাস পায়।কর্মকর্তারা জানান, ২০০৮-০৯ সালে বিশ্বমন্দার সময় সিঙ্গাপুরসহ বিশ্বের অনেক বন্দরে কনটেইনার ওঠানামা কমে। অথচ তখনো চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামার হার ৭ দশমিক ৮১ শতাংশ বাড়ে।কর্মকর্তারা আরও জানান, চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও পণ্য ওঠানামার হার অস্বাভাবিক হারে বাড়তে থাকায় এর পরিচালন কর্মকাণ্ড চালাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।এদিকে গভীর সমুদ্রবন্দরের সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের বিদ্যমান কনটেইনার জেটিতে কনটেইনার ওঠানামার ক্ষমতা ১৩ লাখ ইউনিট। সেই হিসেবে বর্তমানে এই বন্দরে স্বাভাবিক ক্ষমতার চেয়ে বেশিসংখ্যক কনটেইনার ওঠানামা হচ্ছে।তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব জেটিতে আধুনিক যন্ত্রপাতি বাড়ানো ও স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হলে ধারণক্ষমতা আরও বাড়বে। এ ছাড়া গ্যান্ট্রি ক্রেন দিয়ে এনসিটি জেটি পুরোদমে চালু হলে ধারণক্ষমতা ২০ লাখ কনটেইনারে উন্নীত হবে।