চট্টগ্রাম বন্দর দিয়ে অনেকটা হঠা ৎ করেই কনটেইনারে আমদানি-রপ্তানির পণ্য পরিবহনের পরিমাণ কমে গেছে। এ কারণে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা—এই তিন দেশের চারটি বন্দরের সঙ্গে চলাচলকারী জাহাজের সংখ্যা অন্তত ছয়টি কমিয়ে দিয়েছে বিভিন্ন জাহাজ পরিচালনাকারী সংস্থা ( ফিডার অপারেটর)। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের কনটেইনারজাত পণ্যের আমদানি ও রপ্তানি বাণিজ্য ওই চার বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়। ফিডার জাহাজগুলো চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে সব কনটেইনারভর্তি পণ্য ওই চার বন্দরে আনা-নেওয়া করে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগে বহুল আমদানি ছিল এমন কিছু পণ্যের আমদানি কমে গেছে। এ ছাড়া ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিলাসবহুল অনেক পণ্য, বোতল ও প্যাকেটজাত কিছু তৈরি খাদ্যদ্রব্যের আমদানিতে বাণিজ্যিক ব্যাংক সহজে ঋণপত্র খোলার অনুমোদন দিচ্ছে না। এসব কারণে সার্বিকভাবে আমদানি কমে যায় বলে জানা গেছে। প্রসঙ্গত, কনটেইনারে আমদানি-রপ্তানি পণ্যের ৯৫ শতাংশের বেশি পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে।বন্দর, জাহাজ কোম্পানি ও রপ্তানিকারকদের সূত্রে জানা গেছে, কনটেইনারে আমদানি-রপ্তানি পণ্যের মধ্যে পোশাকশিল্পের কাঁচামাল ও প্রস্তুত পণ্যই বেশি। গত দুই মাসে তুলাসহ পোশাকশিল্পের কাঁচামাল আমদানি কমেছে। পোশাকশিল্পে রপ্তানি আদেশ সার্বিকভাবে কমে যাওয়ায় কাঁচামাল আমদানিও কমে গেছে বলে ব্যবসায়ীরা জানান। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পোশাকশিল্পের রপ্তানি আদেশ কমে আসায় তা ৎক্ষণিকভাবে এ শিল্পের কাঁচামাল আমদানিতে প্রভাব পড়েছে। আমদানি হার কমছে: চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত জুন মাস থেকে পণ্যভর্তি আমদানি কনটেইনারের হার কমতে থাকে। গত জুন মাসে ৫৩ হাজার ৮৮৮ ইউনিট কনটেইনার আমদানি হয়, যা গত ১৫ মাসের মধ্যে সবচেয়ে কম। একইভাবে গত জুলাই মাসে আমদানি কনটেইনার কমে দাঁড়ায় ৫০ হাজার ৪১৪টি, যা গত ১৬ মাসের মধ্যে সবচেয়ে কম। গত বছর জুন ও জুলাই মাসে আমদানি কনটেইনারের সংখ্যা ছিল যথাক্রমে সাড়ে ৫৪ ও সাড়ে ৫৭ হাজার।একইভাবে গত জুন মাসে রপ্তানির পরিমাণ ছিল ৫৭ হাজার ৪৫৭ ইউনিট কনটেইনার। গত জুলাই মাসে এই সংখ্যা কমে দাঁড়ায় ৫৩ হাজার ৯২৭টিতে। রপ্তানি কনটেইনারের মধ্যে খালি কনটেইনারের সংখ্যাও আছে। বন্দর কর্মকর্তারা জানান, বাজেট ঘোষণাকে উপলক্ষ করে প্রতিবছর জুন-জুলাই মাসে আমদানি-রপ্তানি কমে আসে। তবে এই বছর আমদানি-রপ্তানি কমেছে অনেক বেশি। বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে ২০১০-১১ অর্থবছরে কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি ছিল ২১ দশমিক ১৩ শতাংশ। তবে ২০১১-১২ অর্থবছরের প্রথম মাসে আগের একই সময়ের তুলনায় কনটেইনার পরিবহনের হার কমেছে ১৩ শতাংশ। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক এনামুল করিম প্রথম আলোকে বলেন, জুলাই মাসে কনটেইনার পরিবহনের হার আগের সময়ের তুলনায় কমেছে।ছয় জাহাজ প্রত্যাহার: চট্টগ্রাম থেকে তিন দেশের চার বন্দরে নয়জন ফিডার অপারেটরের মোট ৪০টি জাহাজ চলাচল করত। এখন চলাচল করছে ৩৪টি জাহাজ। তিনটি প্রতিষ্ঠান তাদের ছয়টি জাহাজ প্রত্যাহার করে নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, পিআইএল, সি কনসোর্টিয়াম ও ওইএল।সি কনসোর্টিয়াম লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, গত দুই মাসে আমদানি কনটেইনার পরিবহন উল্লেখযোগ্য হারে কমেছে। এ কারণে খরচ পোষাতে জাহাজের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। কারণ, প্রতিটি জাহাজের গড়ে দিনের ভাড়া ১০ থেকে ১২ হাজার মার্কিন ডলার।