চট্টগ্রাম বন্দরে খালি কনটেইনারে দণ্ডভাড়া প্রত্যাহার করা হচ্ছে
চট্টগ্রাম বন্দরের জেটিতে খালি কনটেইনারের স্তূপ কমে আসায় কর্তৃপক্ষ আরোপিত দণ্ডভাড়া (স্বাভাবিকের চার গুণ) প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার থেকে বন্দরে এ সংক্রান্ত স্মারক জারি হওয়ার কথা রয়েছে।বন্দর সূত্র জানায়, জেটিতে আকস্মিকভাবে খালি কনটেইনার অস্বাভাবিক হারে জমতে থাকায় ১ মে থেকে এই দণ্ডভাড়া কার্যকর করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বলে জানা যায়।বন্দরের পরিবহন বিভাগের কর্মকর্তারা বলছেন, স্বাভাবিক অবস্থায় চট্টগ্রাম বন্দরে প্রতিটি ২০ ফুট দীর্ঘ কনটেইনারের (টিইইউ) ভাড়া ছয় মার্কিন ডলার। দণ্ডভাড়া আরোপ করে এই ভাড়া ২৪ মার্কিন ডলার করা হয়। ফলে আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত শিপিং ব্যবসায়ীদের বন্দরের খরচ অনেক বেড়ে যায়।এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জেটিতে কনটেইনারের পরিমাণ চার হাজার টিইইউএস হলে বন্দরের পরিচালন কার্যক্রম ব্যাহত হয়। এ কারণে দণ্ডভাড়া বসানো হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে, আমরা দণ্ডভাড়া প্রত্যাহারের চিন্তাভাবনা করছি।’বন্দরের হিসাবে দেখা যায়, জেটিতে খালি কনটেইনার রাখার সুবিধা আছে সর্বোচ্চ তিন হাজার টিইইউএস কনটেইনার। গতকাল সোমবার জেটিতে ছিল দুই হাজার ৫২৭ টিইইউএস খালি কনটেইনার। অথচ গত মাসের শেষ সপ্তাহে এটার পরিমাণ ছিল চার হাজার ৯০০ টিইইউএস কনটেইনার। সূত্রমতে, একটি মেইন লাইন অপারেটর (এমএলও বা কনটেইনারের মালিক প্রতিষ্ঠান) যে পরিমাণ আমদানি পণ্যভর্তি কনটেইনার বন্দরে নিয়ে আসেন, সে তুলনায় রপ্তানির পরিমাণ কম হলে ওই এমএলওর খালি কনটেইনার বেশি পড়ে থাকে। এ কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমের সঙ্গে খালি কনটেইনারের ভাড়ার একটি প্রত্যক্ষ সম্পর্ক আছে।খালি কনটেইনারের ওপর আরোপিত দণ্ডভাড়া পরবর্তী সময়ে এমএলও কনটেইনার পরিবহনের ভাড়া বৃদ্ধি করে আমদানি অথবা রপ্তানিকারকের কাছ থেকে সমন্বয় করেন।এ প্রসঙ্গে এমএলও প্রতিষ্ঠান সি কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এ চৌধুরী প্রথম আলোকে বলেন, আমরা একটি কনটেইনার সিঙ্গাপুর কিংবা কলম্বো থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত পরিবহন করে ২০০ মার্কিন ডলার ভাড়া পাই না। অথচ দণ্ডভাড়ার কারণে একটি কনটেইনার ১০ দিন বন্দরের জেটিতে পড়ে থাকলে আমাদের দিতে হচ্ছে প্রায় আড়াই শ মার্কিন ডলারের মতো। এটা দুর্ভাগ্যজনক।বন্দরের অন্যতম বৃহৎ ব্যবহারকারী তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পণ্য পরিবহনের বর্ধিত ভাড়া যেমন ভোক্তাদের কাঁধে বর্তায়, তেমনি খালি কনটেইনারের দণ্ডভাড়াও এমএলওরা পরে পণ্য আমদানি-রপ্তানির সময় কনটেইনারের ভাড়া বাড়িয়ে দিয়ে সমন্বয় করে। এতে পরোক্ষভাবে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যয়বহুল হয়ে ওঠে। তবে দণ্ডভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বন্দর কর্তৃপক্ষ ভালো কাজ করেছে।