চট্টগ্রাম বন্দরে চুরি হওয়া কাপড় টেরিবাজার থেকে উদ্ধার হয়েছে
চট্টগ্রাম বন্দর থেকে চুরি হওয়া পোশাকশিল্পের আমদানি কাপড় নগরের টেরিবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
বন্দর থানা পুলিশের একটি দল গতকাল বুধবার দুপুরে এসব কাপড় উদ্ধার করে। এ সময় আমির হোসেন নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করে৷
সংশ্লিষ্ট সূত্র জানায়, চীন থেকে ঢাকার ওনার্স গ্রুপের আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের জিনসের কাপড়ের দুই-তৃতীয়াংশই বন্দরের সংরক্ষিত এলাকা থেকে গত সোমবার চুরি হয়ে যায়৷ দুর্বৃত্তরা কনটেইনারের তালা ভেঙে এই কাপড় চুরি করে নেয়৷
বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন হলেন ওনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
পুলিশ জানায়, গতকাল টেরিবাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী নবী হোসেনের তিনটি গুদামের সামনে বিক্রি করার সময় এসব চোরাই কাপড় উদ্ধার করা হয়৷
জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, নবী হোসেনের গুদাম থেকেই ২৬০ রোল কাপড় উদ্ধার করা হয়েছে। এখন তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।