চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যানের যোগদান
চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন কমোডর এম এ ইসলাম। গতকাল রোববার সকালে তিনি এ দায়িত্ব নেন। বিদায়ী চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।দায়িত্ব নিয়ে বন্দরের বোর্ড সদস্য ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর এম এ ইসলাম। এ সময় তিনি বন্দরের কর্মকর্তাদের একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের কাজে কোনো চাপ এলে আমাকে জানাবেন। এরপর দায়দায়িত্ব থাকবে আমার।’ যেকোনো কাজ ফেলে না রেখে দ্রুত সম্পাদনের তাগাদা দেন তিনি।নবনিযুক্ত চেয়ারম্যান ১৯৮২ সালের ৫ মে নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশনপ্রাপ্ত হন। তিনি তুরস্কের স্টাফ কলেজ থেকে পিএসসি ডিগ্রি লাভ করেন। নৌবাহিনীর সব যুদ্ধজাহাজে কমান্ডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। এ ছাড়া তিনি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।বিদায়ী চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বন্দর চেয়ারম্যান পদে দুই বছর সাত মাস দায়িত্ব পালন করেন। তাঁর আগে কমোডর এম ফারুক ১৪ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।