চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে অন্তত দুই লাখ ৭০ হাজার বক্স আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার স্ক্যান করে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই খালাস ও রপ্তানি হচ্ছে। এ কারণে স্ক্যানিং না হওয়া এসব পণ্যভর্তি কনটেইনারে রাজস্ব আদায়ে ঝুঁকি বাড়ছে। চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসের তথ্যে এমন চিত্র পাওয়া গেছে।কাস্টম হাউস সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া যেসব কনটেইনার ঢাকা কমলাপুর বেসরকারি কনটেইনার ডিপোতে খালাস হচ্ছে, সেগুলো স্ক্যান করা হচ্ছে না। একইভাবে রপ্তানি পণ্যবাহী কনটেইনারের সবগুলো স্ক্যান করা ছাড়াই যাচ্ছে বিভিন্ন দেশে। বর্তমানে ১৯টি আমদানি পণ্যভর্তি কনটেইনার বন্দর থেকে সরাসরি বেসরকারি আইসিডিতে নিয়ে খালাস হচ্ছে, সেগুলো স্ক্যানারের সহায়তায় যাচাই করা হচ্ছে। এ ছাড়া কারখানা চত্বরে কনটেইনার নিয়ে যেগুলো খালাস হচ্ছে, সেগুলোও এই প্রক্রিয়ায় যাচাই করা হচ্ছে। বন্দর সূত্রে জানা গেছে, ২০১১ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি পণ্যবাহী দুই লাখ ৫০ হাজার ৯৭ বক্স কনটেইনার স্ক্যান ছাড়াই পরিবহন হয়। এর বাইরে ঢাকা কমলাপুর আইসিডিতে খালাস হয় ২০ হাজার ৬৫৪ বক্স আমদানি পণ্যভর্তি কনটেইনার। অর্থাৎ বন্দর দিয়ে পরিবাহিত আমদানি-রপ্তানি পণ্যবাহী দুই লাখ ৭০ হাজার ৭৫১ বক্স কনটেইনার স্ক্যানিংয়ের আওতার বাইরে রয়ে গেছে। জানতে চাইলে কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম গত রোববার প্রথম আলোকে বলেন, ঢাকা আইসিডি দিয়ে খালাস হওয়া আমদানি পণ্যভর্তি কনটেইনার সংশ্লিষ্ট কাস্টম হাউসে শুল্কায়ন হয়। এ কারণে সেগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে পারে। তবে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার স্ক্যানিংয়ের আওতায় আনার জন্য বেসরকারি কনটেইনার ডিপোগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।জানা গেছে, বেসরকারি ডিপো থেকে রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে রপ্তানি হয়। এ কারণে বেসরকারি ডিপোগুলো থেকে স্ক্যান করে বন্দরে পাঠানোর জন্য বেসরকারি কনটেইনার ডিপোগুলোকে নির্দেশনা দেয় কাস্টম হাউস। কিন্তু বেসরকারি ডিপোগুলোতে স্ক্যানিং মেশিন স্থাপিত হয়নি।কাস্টম হাউস সূত্র জানায়, ২০১১ সালে বন্দরে এক লাখ ১৬ হাজার ৯৬৫ বক্স কনটেইনার স্ক্যানিং হয়। এসব কনটেইনারের মধ্যে সন্দেহভাজন হিসেবে ৮২২টি কনটেইনার শনাক্ত হয়। সন্দেহভাজন এসব কনটেইনার সরেজমিনে খুলে পরীক্ষা-নিরীক্ষা করে শুল্ক ফাঁকির অনেক বড় অনিয়ম শনাক্ত করা হয়েছে। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর স্ক্যানিংয়ের চিত্র বিশ্লেষণ করে সুতাভর্তি কনটেইনারে দুটি দামি গাড়িসহ প্রায় পাঁচ কোটি টাকার ঘোষণাবহির্ভূত পণ্য পাওয়া যায়। কাস্টম হাউসের হিসাবে দেখা যায়, গত বছর ৪৪৫টি আমদানি চালানে অনিয়ম শনাক্ত হয়। এসব চালানে প্রায় ৫০ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হয়েছে। এর বাইরে রপ্তানি কনটেইনারে নিষিদ্ধ পণ্য রপ্তানি এবং ঘোষণাবহির্ভূত পণ্য পাওয়া যায়। তবে এসব চালানে কতটি স্ক্যানিং মেশিনে শনাক্ত হয়েছে সেই পরিসংখ্যান কাস্টম হাউসে নেই। জানা গেছে, চট্টগ্রাম কাস্টম হাউসে কড়াকড়ির কারণে চট্টগ্রামের কিছু সংখ্যক আমদানিকারক ঢাকার কমলাপুর আইসিডি দিয়ে কনটেইনারভর্তি পণ্য খালাস করছেন, যেগুলো ঢাকা কাস্টম হাউসে শুল্কায়ন হয়। এসব কনটেইনার খুলে পণ্য কাভার্ড ভ্যানে বোঝাই করে চট্টগ্রামে নিয়ে আসছেন তাঁরা। স্ক্যানিং হলে এসব কনটেইনারে ঘোষণাবহির্ভূত পণ্য আছে কি না, তা সহজেই শনাক্ত করা সম্ভব হতো।জানা গেছে, ২০১০ সালের ১০ আগস্ট রাজস্ব বোর্ডের একটি কমিটি এক প্রতিবেদনে রপ্তানি পণ্যের কনটেইনার স্ক্যানিংয়ের আওতায় আনার সুপারিশ করে। তৎকালীন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক প্রকাশ দেওয়ানের নেতৃত্বে ছয় সদস্যের ওই কমিটির প্রতিবেদনে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। এ জন্য বন্দরের অবকাঠামো সম্প্রসারণ এবং রাজস্ব কর্মকর্তাদের নিয়ে একটি পৃথক স্ক্যানিং বিভাগ গঠনের প্রস্তাবনা করা হয়। এতে যেমন রপ্তানি বাণিজ্যে গতি সঞ্চার হবে, তেমনি ভবিষ্যতে কোনো অনুসন্ধান বা নিরীক্ষামূলক কার্যক্রমও সম্পাদন সহজ হবে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। বিজিএমইএর একজন কর্মকর্তা জানান, রপ্তানি কনটেইনার স্ক্যানিংয়ের জন্য এখন মাশুল নেওয়া হলেও স্ক্যানিং হয় না।প্রসঙ্গত ২০০৯ সালের ফেব্রুয়ারিতে একটি এবং অক্টোবর থেকে তিনটি কনটেইনার স্ক্যানারের কার্যক্রম শুরু হয় চট্টগ্রাম বন্দরে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ৪৩ কোটি টাকা ব্যয়ে এসব স্ক্যানার স্থাপন করা হয়। পরিদর্শন সংস্থা এসজিএস বাংলাদেশ এসব স্ক্যানার স্থাপন করে রক্ষণাবেক্ষণের কাজ করছে।