চট্টগ্রাম বন্দরে বিপর্যয়ের মাস এপ্রিল
এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ১৪ হাজার ৭৪৪টি কনটেইনারে পণ্য রপ্তানি হয়েছে। এটি কত মাসের মধ্যে সর্বনিম্ন, তা বের করতে বন্দর কর্মকর্তাদের ফিরে যেতে হয়েছে ১৬ বছর আগে। কারণ, রপ্তানি পণ্যবাহী কনটেইনার পরিবহনে ১৯৪ মাস বা প্রায় ১৬ বছরে এটিই সবচেয়ে কম।
এপ্রিলের চেয়ে সেই ২০০৪ সালের ফেব্রুয়ারিতে রপ্তানি পণ্যবাহী কনটেইনার কম পরিবহন হয়েছিল। সেবার কনটেইনার পরিবহন হয় ১১ হাজার ৬১৭টি। সব মিলিয়ে গত বছরের এপ্রিলের তুলনায় এই এপ্রিলে রপ্তানি পণ্য পরিবহন কমেছে ৭২ শতাংশ।
রপ্তানি পণ্য পরিবহন কমার সব কারণই যে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব, তা জানা হয়ে গেছে সবার। তবে এত বেশি কমবে, সেটি কিছুটা অপ্রত্যাশিত ছিল। এখন পরিসংখ্যানের হিসাবে তা স্পষ্ট হয়েছে মাত্র। রপ্তানির অপেক্ষায় থাকা একের পর এক চালান স্থগিত হওয়ার কারণেই এই অবস্থা।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, রপ্তানি খাতের জন্য এপ্রিল মাস বিপর্যয়ের। এটাই শেষ নয়, শুরু। করোনার বৈশ্বিক প্রাদুর্ভাবের প্রভাব এই মাস থেকেই পুরোপুরি শুরু হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি যদি উন্নতি হয়, তাহলে জুলাই–আগস্ট থেকে রপ্তানি বাড়তে পারে।
চট্টগ্রাম বন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্যের চিত্র মূলত পুরো দেশের চিত্র। কারণ, মূল্যের হিসাবে, বাংলাদেশে রপ্তানি পণ্যের ৯১ শতাংশ পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। মোংলা বন্দর, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলো দিয়ে হয় বাকি ৯ শতাংশ।
>রপ্তানির অপেক্ষায় থাকা একের পর এক চালান স্থগিত
বৈশ্বিক পরিস্থিতির উন্নতি হলে জুলাই–আগস্টে বাড়তে পারে রপ্তানি
রপ্তানি পণ্য পরিবহন কমে যাওয়া মানে রপ্তানি আয়ও কমে যাওয়া। রপ্তানি আয়ের হিসাব প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এপ্রিলের হিসাব এখনো দেয়নি সংস্থাটি। তবে তাতে যে বিপর্যয় হয়েছে, বন্দরের তথ্যে তা স্পষ্ট।
দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক। এ খাত থেকে রপ্তানি আয় যে কমে গেছে, তা এরই মধ্যে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। রাজস্ব বোর্ডের তথ্য নিয়ে সংস্থাটি জানিয়েছে, এপ্রিল মাসে ৩৬ কোটি ৬৫ লাখ ডলারের রপ্তানি আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৪ শতাংশ কম।
বিজিএমইএর ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত ১ হাজার ১৫০টি কারখানার ৩১৮ কোটি ডলার বা ২৭ হাজার কোটি টাকার পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবশ্য এপ্রিলে স্থগিত হওয়া রপ্তানি চালান অনেক বিদেশি ক্রেতা নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁরা যদি আগের ক্রয়াদেশের চালান নেন, তাহলে মে মাসে রপ্তানি আয় বাড়তে পারে।
বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের জন্য এপ্রিল ভয়ংকর। মে ও জুন মাসে কিছুটা উন্নতি হলেও রপ্তানি স্বাভাবিক অবস্থায় ফিরবে না। তবে বৈশ্বিক পরিস্থিতি ভালো থাকলে এবং দেশে কারখানা সচল হলে জুলাই থেকে রপ্তানি আয় বাড়ার সম্ভাবনা আছে।’
রপ্তানি পণ্য পরিবহন কমে যাওয়ায় রপ্তানিমুখী শিল্প ছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু খাত। পরিবহন কোম্পানি থেকে শুরু করে বেসরকারি ডিপো, ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান, জেটি পরিচালনাকারী বেসরকারি সংস্থা—সবাই কমবেশি ক্ষতির মুখে পড়েছে।
চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হওয়া কনটেইনারের ৮৯ শতাংশই ব্যবস্থাপনা করে বেসরকারি ১৯টি ডিপো। কারখানা থেকে রপ্তানি পণ্য এসব ডিপোতে এনে কনটেইনারে বোঝাই করা হয়। এরপর বন্দরে নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। ডিপোগুলোতে এক মাসের বেশি সময় ধরে রপ্তানি পণ্যের ব্যবস্থাপনার কাজ কমেছে প্রায় ৭২ শতাংশ। একই অবস্থা রপ্তানি পণ্য ব্যবস্থাপনায় যুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর।