চট্টগ্রাম বন্দরে যুক্ত হচ্ছে বর্জ্য অপসারণের জাহাজ
চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত হচ্ছে তেলজাতীয় বর্জ্য অপসারণকারী বিশেষায়িত জাহাজ ‘বে ক্লিনার-২’। আজ বৃহস্পতিবার ফিনল্যান্ডের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বন্দরের কাছে এটি হস্তান্তর করবে স্থানীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। চট্টগ্রাম বন্দরে আসা জাহাজ ও ট্যাংকার থেকে বর্জ্য তেল সংগ্রহ করে পরিশোধন করবে বিশেষায়িত এই জাহাজ। একইভাবে সমুদ্রে ভাসমান বর্জ্য তেলও অপসারণ করা হবে। এ জন্য নদীর তীরে একটি পরিশোধন স্টেশনও স্থাপন করা হয়েছে। এ ছাড়া কঠিন বর্জ্য অপসারণের জন্য আরেকটি জাহাজ শিগগিরই যুক্ত হচ্ছে বন্দরে। প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ফিনল্যান্ডের ল্যামোর করপোরেশন এবিকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি জাহাজ তৈরির কার্যাদেশ দিয়েছিল। জাহাজ নির্মাণ, বর্জ্য অপসারণের যন্ত্রপাতি এবং পরিশোধন স্টেশনসহ কার্যাদেশের আর্থিক অঙ্ক ছিল ২৫ কোটি টাকা। ল্যামোর করপোরেশন ওয়েস্টার্ন মেরিনকে দিয়ে এর মধ্যে শুধু জাহাজটি তৈরি করিয়ে নিয়েছে।বাংলাদেশি পতাকাবাহী ২৫ মিটার দৈর্ঘ্যের এ জাহাজটি একসঙ্গে ১৫০ টন বর্জ্য অপসারণ করতে পারবে।জাহাজটি হস্তান্তর উপলক্ষে গতকাল বুধবার নগরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশের অন্যতম প্রধান জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল আলম বলেন, প্রযুক্তি হস্তান্তর করা হলে ভবিষ্যতে নিয়মিত বিশেষায়িত এসব জাহাজ নির্মাণ করতে পারবে ওয়েস্টার্ন মেরিন। তারা এখন বিদেশি ক্রেতাদের জন্য ১৯টি জাহাজ নির্মাণের কাজ করছে। ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, যেকোনো বিশেষায়িত জাহাজই এখন দেশে বানানো সম্ভব। এতে আমদানি-খরচ অন্তত ৩০ শতাংশ কমবে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক নৌ সংস্থা-আইএমও বিধিমতে, সব সমুদ্র বন্দরে বর্জ্য ব্যবস্থাপনাকারী জাহাজ এবং সমুদ্রপাড়কেন্দ্রিক বর্জ্য পরিশোধনাগার থাকতে হয়।