চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী পণ্যের জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রপ্তানি পণ্যবাহী কাভার্ড ভ্যানের জট লেগে গেছে চট্টগ্রাম বন্দরের কনটেইনার ডিপোগুলোর সামনে। ঈদের লম্বা ছুটির কারণে এই অবস্থা তৈরি হয়েছে। আর তাই নির্ধারিত সময়ে বন্দর দিয়ে জাহাজে বোঝাই করা যাবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা।
কনটেইনার ডিপো মালিকদের সংগঠন ‘বিকডা’ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার চট্টগ্রামের ১৬টি বেসরকারি ডিপোর সামনে এবং পার্কিং এলাকায় পড়ে ছিল ৪ হাজার ২৫০টি কাভার্ড ভ্যান। প্রতিটি কাভার্ড ভ্যানে এক কনটেইনার পণ্য রয়েছে। সারা দেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের ৯০ শতাংশ এসব ডিপোতে কনটেইনারে বোঝাই করে জাহাজে তুলে দেওয়া হয়।
বিজিএমইএর বন্দর ও জাহাজীকরণ-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ডিপোগুলোর সামনে রপ্তানি পণ্যভর্তি গাড়ি নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। এতে রপ্তানিকারকদের গাড়িভাড়ার বাইরে বাড়তি
ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে নির্ধারিত সময়ে পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা তৈরি হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ঈদের পরে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী কারখানা পুরোদমে সচল হতে এক সপ্তাহ সময় লেগে যায়। এ কারণে ঈদের পর যেসব পণ্য রপ্তানি হবে, সেগুলো ঈদের আগেই ডিপোতে পাঠানো হয়। এ কারণে প্রতিবছর ঈদের সময় জট হয়। তবে গত বছরের চেয়ে পণ্য রপ্তানি এবার বাড়লেও ডিপোগুলোর ক্ষমতা সে হারে বাড়েনি।
কনটেইনার ডিপো মালিক সমিতির সভাপতি নুরুল কাইয়ুম খান গতকাল প্রথম আলোকে বলেন, ডিপোতে রপ্তানি কনটেইনার ওজন করে সনদ দেওয়ার বাধ্যবাধকতার কারণেও ধীরগতি হয়েছে। তবে সমস্যা হবে না। অগ্রাধিকার ভিত্তিতে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার বন্দরে পাঠানো হচ্ছে।
বিকডা সূত্র জানায়, গত জুনে ১৬টি ডিপো দিয়ে ৫০ হাজার ৪৬৩ কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) পণ্য রপ্তানি হয়েছে। গত বছর একই সময়ে ছিল ৪৪ হাজার ৯০৮ কনটেইনার। গত বছরের চেয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১২ শতাংশের বেশি। এ মাসের শুরুতে ডিপোগুলোর সামনে রপ্তানি পণ্যভর্তি কাভার্ড ভ্যান জমতে থাকে।
বিদেশি ক্রেতার হাতে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার রপ্তানি পণ্য পরিবহনের চাপ বেশি। চাপ মোকাবিলায় এখন থেকেই অবকাঠামো সুবিধা বাড়াতে হবে, না হলে ভরা মৌসুমে যথাসময়ে রপ্তানি পণ্য জাহাজীকরণে সমস্যা হতে পারে।