চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতি এখনো গতি পায়নি
নানা সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় পদ্ধতি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশের বৃহত্তম রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের মালিকেরাসহ বন্দর ব্যবহারকারী অনেকেই এখনো পুরোপুরি এই পদ্ধতির আওতায় আসেনি। অথচ এরই মধ্যে বন্দর কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটির দায়িত্ব বুঝে নেওয়ার কাজ শুরু করেছে। গত বছরের ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী এই পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন। এর চার মাস পরে প্রকল্পটি বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা থাকলেও কয়েক দফায় সময় বাড়ানো হয়। শেষ দফায় বাড়নো হয় আগামী ডিসেম্বর পর্যন্ত। এ প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৭২ কোটি টাকা। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনারের ব্যবস্থাপনাসংক্রান্ত যাবতীয় দালিলিক কার্যক্রম দ্রুত সময়ে সম্পন্ন করতে এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হয়। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে একদিকে বন্দরের সক্ষমতা অনেক বাড়বে, অন্যদিকে ব্যবহারকারীরাও অনেক সুফল পাবেন বলে আশা করা হচ্ছে। এই ব্যবস্থায় কনটেইনারের পণ্য খালাসে বন্দর অংশে কারও সঙ্গে সরাসরি যোগাযোগের দরকার হবে না, যাবতীয় দালিলিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে।এই পদ্ধতি বাস্তবায়িত হলে জাহাজ কোম্পানির কর্মকর্তাদের নিজ কার্যালয়ে বসে বন্দরে জাহাজ ভেড়ার সময়সূচি অনলাইনে ঘোষণা দিতে পারবেন। কিন্তু সেটি না হওয়ায় এখনো তাঁদের সশরীরে বন্দর ভবনে গিয়ে জাহাজ আসার ঘোষণা দিতে হচ্ছে। একইভাবে জেটিতে জাহাজ ভেড়ার আগে নির্ধারিত সময়ে বন্দর ইয়ার্ডে রপ্তানি কনটেইনারগুলো পৌঁছার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা হচ্ছে না। আর পদ্ধতিটির শেষ ধাপে জাহাজ ও কনটেইনারের বিল নিয়েও কিছু সমস্যা রয়ে গেছে। এদিকে প্রকল্পটির পরিচালক খায়রুল মোস্তফা গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘ব্যবহারকারীরা এখনো ঠিকমতো অনলাইনে তথ্য দিচ্ছেন না। রপ্তানিমুখী কনটেইনারও নির্ধারিত সময়ে বন্দর ইয়ার্ডে পৌঁছাতে পারছেন না তাঁরা। ব্যবহারকারীদের নানা সীমাবদ্ধতার কারণে প্রকল্পের কিছু কার্যক্রম এখনো বাকি রয়েছে। তবে ছোটখাটো যেসব সমস্যা ছিল, সেগুলো এখন নেই।’ নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চুক্তি অনুযায়ী এই পদ্ধতির কার্যক্রম বুঝে নেওয়া হবে বলে তিনি জানান। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এখনো তৈরি পোশাকশিল্পের প্রায় ২৫ শতাংশ পণ্য রপ্তানির দালিলিক কার্যক্রম সনাতন পদ্ধতিতেই করতে হচ্ছে।’ তবে আগের চেয়ে এই পদ্ধতিতে তাঁদের অংশগ্রহণ বেড়েছে বলে তিনি জানান।জানা গেছে, এ বিষয়ে বন্দরের গঠিত কমিটি গত সেপ্টেম্বরে স্বয়ংক্রিয় পদ্ধতির অবস্থা নিয়ে প্রতিবেদন জমা দেয়। এতে বলা হয়, চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের ছোট-বড় ২০৭টি পণ্য ও সেবা সরবরাহের কথা। কিন্তু এর মধ্যে পুরোপুরি সঠিক রয়েছে ৪৮টির কার্যক্রম। ৫৬টি এখনো চালু বা স্থাপন হয়নি, বাকিগুলোতে এখনো সমস্যা রয়েছে।এরপরে গত ২৫ অক্টোবর বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জুলফিকার আজিজকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়। চুক্তির আওতায় কী কী কাজ হয়েছে ও কী কী কাজ হয়নি, তা নির্ধারণ করবে এ কমিটি। সিঙ্গাপুরভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান এসটি ইলেকট্রনিকস প্রাইভেট লিমিটেড ইতিমধ্যে যেসব কাজ হয়েছে, সেগুলোর কাগজপত্র বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এসটি ইলেকট্রনিকসের স্থানীয় সেবা প্রদানকারী সংস্থা দেশীয় ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের কাজ গুছিয়ে আনা হয়েছে। এর আওতায় পণ্য ও সেবার কার্যক্রমও প্রস্তুত আছে। তবে কিছুসংখ্যক ব্যবহারকারী এই পদ্ধতির সঙ্গে পুরোপুরি সংযুক্ত না হওয়ায় কোনো কোনো কার্যক্রম চালু হয়নি।’ বন্দর সূত্র জানায়, এই প্রকল্প বাস্তবায়নে পরিবহন বিভাগ ও কম্পিউটার কেন্দ্র ওতপ্রোতভাবে জড়িত। অথচ এই দুই বিভাগ থেকে প্রকল্পে কাউকে নিয়োজিত করা হয়নি।