চট্টগ্রাম বন্দরে ১২ কনটেইনার পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে ১২টি কনটেইনার পণ্য জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আমদানিতে অনিয়মের অভিযোগে দুটি পৃথক চালানে আনা এসব কনটেইনার জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঢাকার নোহা এন্টারপ্রাইজ চীন থেকে ১৫ হাজার ৭৫০ পিস মোবাইল সেট আমদানি করে। মোবাইল সেট আমদানির জন্য এই প্রতিষ্ঠানের বৈধ অনুমতিপত্র ছিল না। গতকাল রোববার কায়িক পরীক্ষা শেষে কনটেইনারটিসহ এসব মোবাইল সেট জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘মোবাইল সেট আমদানি করতে হলে বিটিআরসির অনুমতি নিতে হয়। প্রতিষ্ঠানটি এসব মোবাইল সেট খালাসের জন্য বিটিআরসির অনাপত্তিপত্র জমা দেয়। তবে অনাপত্তিপত্রটির মেয়াদ গত সেপ্টেম্বরে শেষ হয়ে যায়। তারা এই অনাপত্তিপত্র ঘষামাজা করে তারিখ পরিবর্তন করে। বিটিআরসি থেকে এ ধরনের কোনো অনাপত্তিপত্র দেওয়া হয়নি, নিশ্চিত হওয়ার পরই এসব সেট জব্দ করা হয়।’
পৃথক চালানে নারায়ণগঞ্জের ফেডারেল করপোরেশন ১১ কনটেইনারে ২৭৫ টন ওজনের আর্ট পেপার আমদানি করে। ঘোষণা অনুযায়ী এসব আর্ট পেপারের জিএসএম বা প্রতি বর্গমিটারের ওজন ৩০০ এবং ৩৫০ গ্রাম। এসব পণ্য তৈরি পোশাকের রপ্তানির সময় ব্যবহারের কথা বলে শুল্কমুক্ত সুবিধাও নেওয়া হয়। তবে গতকাল কনটেইনার খালাসের সময় ১১টি কনটেইনারের মধ্যে চারটি কনটেইনার খুলে এসব পেপারের জিএমএস পান ২২৫।