চট্টগ্রাম বন্দরে ২০ বছর পর কনটেইনার পরিবহন কমল
চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন ২০ বছর পর আবার কমেছে। সদ্য সমাপ্ত ২০১১-১২ অর্থবছরে কনটেইনার পরিবহন আগের অর্থবছরের তুলনায় কমেছে ৮ দশমিক ৭ শতাংশ।অর্থনৈতিক সংকটের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম কমে যাওয়ার কারণেই মূলত কনটেইনারে পণ্য পরিবহন কমেছে বলে জানান বন্দরের কর্মকর্তারা।জানা গেছে, চট্টগ্রাম বন্দরে ১৯৭৬-৭৭ অর্থবছরে কনটেইনার পরিবহন শুরু হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার কনটেইনার পরিবহন কমল। এর আগে ১৯৯০-৯১ সালে এই বন্দরে কনটেইনার পরিবহন কমেছিল ৮ দশমিক ৪৬ শতাংশ।প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০১০-১১ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ১৪ লাখ ৬৮ হাজার ৯১৪টি আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে) পরিবহন হয়। আর সদ্য শেষ হওয়া অর্থবছরে এই সংখ্যা কমে দাঁড়ায় ১৩ লাখ ৪১ হাজার সাতটিতে, যা আগের অর্থবছরের চেয়ে এক লাখ ২৭ হাজার ৯০৭টি বা ৮ দশমিক ৭ শতাংশ কম। বন্দরের সচিব সৈয়দ ফরহাদউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের ওপর নির্ভর করে বন্দরে কনটেইনার ওঠানামা কমবেশি হয়। চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে মূলত সিংহভাগ কনটেইনার ওঠানামা হওয়ার কারণে কনটেইনার পরিবহনে সরাসরি প্রভাব পড়ে। এ ছাড়া দেশে এখন চীনের পর ভারত থেকেই সবচেয়ে বেশি পণ্য আমদানি হয়, যার বেশির ভাগই আনে সড়কপথে। এটাকেও কনটেইনারে পণ্য আমদানি কমে যাওয়ার আরেকটি কারণ বলে মনে করেন তিনি।প্রসঙ্গত, দেশে সমুদ্রপথে কনটেইনারে পণ্য পরিবহনের প্রায় ৯৬ শতাংশই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে। এর বাইরে মাত্র ৪ শতাংশ পণ্য পরিবহন হয় মংলা বন্দর দিয়ে। এই বন্দর দিয়ে কনটেইনারে যত পণ্য পরিবহন হয় এর মধ্যে পোশাকশিল্পের পণ্যই সিংহভাগ। কনটেইনারে পোশাকশিল্পের কাঁচামাল যেমন আমদানি হয় তেমনি প্রস্তুত পণ্যও কনটেইনারে করে রপ্তানি হয়। জানতে চাইলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক এস এম নুরুল হকও প্রথম আলোকে বলেন, কনটেইনারে যত পণ্য আমদানি-রপ্তানি হয় তার মধ্যে পোশাকশিল্পের কাঁচামাল ও প্রস্তুত পণ্য হচ্ছে গড়ে ৬৫ থেকে ৭০ শতাংশ। কিন্তু বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে পরিমাণের হিসাবে পোশাকশিল্পের আমদানি-রপ্তানি কমে যাওয়ায় বন্দরে কনটেইনার পরিবহনেও সরাসরি প্রভাব পড়েছে। এখন সরকার এই খাতে সহযোগিতা না বাড়ালে এ পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের সম্ভাবনা নেই।পোশাকশিল্পের পণ্য ছাড়া এই বন্দর দিয়ে পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, চামড়া ইত্যাদি পণ্য কনটেইনারে রপ্তানি হয়। আর কনটেইনারে আমদানি হয় ইলেকট্রনিকসামগ্রী, ভোগ্যপণ্য, শিল্পের মূলধনি যন্ত্রপাতি, রাসায়নিক ইত্যাদি। কনটেইনার পরিবহন কমে যাওয়ায় বন্দর দিয়ে চলাচলকারী কনটেইনার জাহাজও কমেছে। কনটেইনার জাহাজ পরিচালনাকারী সি কনসোর্টিয়াম লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এ এস চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার চারটি বন্দরে গত বছরের শুরুতে ৪২-৪৪টি জাহাজ চলাচল করত। কিন্তু কনটেইনার পরিবহন কমে যাওয়ায় এখন চলাচল করছে ৩৫-৩৬টি। বন্দরের তথ্যানুযায়ী, গত অর্থবছরে এসব জাহাজ কনটেইনার পণ্য আনা-নেওয়া করেছে দুই হাজার ৭৯ বার। এর আগে ২০১০-১১ অর্থবছরে এই সংখ্যা ছিল দুই হাজার ৩০৮ বার।