চট্টগ্রাম বন্দরে ২০ লাখ কনটেইনার পরিবহনের রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছর শেষ হওয়ার তিন দিন আগে দুই মিলিয়ন বা ২০ লাখ কনটেইনার পরিবহনের রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর।
বন্দরের হিসাবমতে, চলতি বছরের শুরু থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ২০ লাখ ৮ হাজার কনটেইনার পরিবহন হয়েছে। এসব কনটেইনারের মধ্যে রয়েছে আমদানি ও রপ্তানি পণ্যভর্তি এবং খালি কনটেইনার।
বন্দরের পর্ষদ সদস্য মো. জাফর আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২০১৬ সালে দুই মিলিয়ন (এক মিলিয়ন=১০ লাখ) কনটেইনার ওঠানো-নামানো হবে। কিন্তু এক বছর আগেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। দেশের অর্থনীতিতে উচ্চ প্রবৃদ্ধির ফলে বন্দরে কনটেইনার পরিবহনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।’
বন্দর সূত্র জানায়, গত বছর এ বন্দর দিয়ে ১৭ লাখ ৩১ হাজার কনটেইনার পরিবহন হয়। সেই হিসাবে এবারে কনটেইনার পরিবহন বেড়েছে প্রায় ১৬ শতাংশ।