চট্টগ্রাম বন্দরে ৩২টি জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত
লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ও বৃষ্টির কারণে গত শনিবার রাত থেকে চট্টগ্রাম বন্দরে ৩২টি বড় জাহাজ থেকে আমদানি পণ্যের খালাস ব্যাহত হচ্ছে।
বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জামান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সাগর উত্তাল। বৃষ্টিও হচ্ছে। এ অবস্থায় বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তর করা যাচ্ছে না। শনিবার রাত থেকে খালাসকাজ বিঘ্নিত হলেও আজ রোববার বেশির ভাগ জাহাজ থেকে পণ্য খালাস হয়নি।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে লঘুচাপের তথ্য জানিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে উল্লেখ করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা ৩২টি বড় জাহাজে অপরিশোধিত চিনি, গম, সয়াবিন, সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিনকার, বাতিল লোহা, নির্মাণকাজের উপকরণ পাথর ইত্যাদি রয়েছে।
যেসব বড় জাহাজ জেটিতে ভিড়তে পারে না, সেগুলো বহির্নোঙরে অবস্থান করে। ওই সব জাহাজ থেকে যন্ত্রের সাহায্যে পণ্য লাইটার জাহাজে বোঝাই করা হয়। এরপর নদীপথে কর্ণফুলীর বেসরকারি ঘাটে এবং দেশের নানা স্থানে পরিবহন করা হয়।
লাইটার জাহাজগুলোকে কাজ প্রদানকারী ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ প্রথম আলোকে বলেন, পাথর, বাতিল লোহাসহ কিছু পণ্য বৃষ্টির সময়েও খালাস করা যায়। তবে ভোগ্যপণ্যসহ বেশির ভাগ পণ্য খালাস করা যায় না।
তবে বৃষ্টি ও সাগর উত্তাল থাকার করণে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত হলেও জেটিতে কনটেইনার ওঠানো-নামানো স্বাভাবিক রয়েছে।