প্রস্তুতি নিয়ে পণ্য পরিবহন সম্ভব হচ্ছে না বলে অভিযোগ
চট্টগ্রাম বন্দরে ‘উইন্ডো বার্থিং’ পদ্ধতি উধাও!
চট্টগ্রাম বন্দর থেকে ‘উইন্ডো বার্থিং’ বা নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাজ আসা-যাওয়ার পদ্ধতি ভেঙে পড়েছে, যে কারণে পোশাকশিল্পের মালিকেরা আগে থেকে পরিকল্পনা করে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন করতে পারছেন না।চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে বিগত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ৬ আগস্ট নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাহাজ আসা-যাওয়ার ‘উইন্ডো বার্থিং’ পদ্ধতি চালু করে। বন্দরের ছয়টি সাধারণ জেটিতেই এই কার্যক্রম পরিচালিত হয়।বন্দর সূত্রে জানা গেছে, বন্দর কর্তৃপক্ষ গত ১০ মে কনটেইনার ওঠানামার ছয়টি জেটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে উইন্ডো বার্থিং পদ্ধতিতে জাহাজ আসা-যাওয়ায় সময়সূচি ভেঙে পড়তে থাকে। সেই সময়ে এই বন্দরে জাহাজের গড় অবস্থান সময় (বন্দরে আসার পর থেকে ছেড়ে যাওয়া পর্যন্ত) বাড়তে থাকায় এই পদ্ধতি আর ধরে রাখা যায়নি। এখন এই পদ্ধতি পুরোপুরি উঠে গেছে।এ বিষয়ে বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, সেনাবাহিনী মোতায়েনের পর বন্দরে এখন গতিশীলতা বেড়েছে। শিগগিরই এই পদ্ধতি আবার চালুর উদ্যোগ নেওয়া হবে।জেটি পরিচালনাকারী বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, ‘জাহাজের গড় অবস্থান সময় আগের মতো স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। এখন বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নিলেই উইন্ডো বার্থিং পদ্ধতি চালু হতে কোনো বাধা নেই।’ এটি চালু হলে বন্দরের মর্যাদা আরও বাড়বে বলে তিনি মনে করেন।বন্দর সূত্রে জানা গেছে, ‘ফিক্সড ডে উইন্ডো বার্থিং’ পদ্ধতিতে বন্দরে জাহাজ ভেড়ার এবং বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময়সূচি নির্ধারিত ছিল। ফলে পণ্যের আমদানিকারক আগে থেকেই নিশ্চিত হতেন যে তাঁর পণ্যটি কখন বন্দরে এসে পৌঁছাবে। এ জন্য আগেভাগেই উৎপাদনের প্রস্তুতি নিতে পারতেন পোশাকশিল্পের মালিকেরা। একইভাবে বিদেশি ক্রেতাদের কাছেও নির্ধারিত সময়ের মধ্যে পণ্য রপ্তানি করতে হলে কোন দিনের জাহাজে পণ্য তুলে দিতে হবে, সেটিও নির্ধারণ করার সুযোগ ছিল এই পদ্ধতিতে।ফিডার জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে ৫২টি ফিডার জাহাজ সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তানজুম পালাপাস এবং শ্রীলঙ্কার কলম্বো বন্দর পর্যন্ত চলাচল করছে। এসব জাহাজে প্রতি মাসে গড়ে এক লাখের বেশি কনটেইনার পরিবহন করা হচ্ছে। তবে শুধু ক্রেনযুক্ত জাহাজের ক্ষেত্রে এই পদ্ধতিতে পণ্য পরিবহন করা হতো।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এই পদ্ধতি না থাকায় পরিকল্পনা করে পোশাকশিল্পের কাঁচামাল আমদানি ও তৈরি পণ্য রপ্তানি করা যাচ্ছে না। এই পদ্ধতি চালু হবে বলে বন্দর কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে। সেই অপেক্ষায় আছি।’ফিডার অপারেটররা জানান, এই পদ্ধতিতে সপ্তাহের সাত দিনেই সময় নির্দিষ্ট করে জাহাজ কোম্পানির অনুকূলে জেটি বরাদ্দ দেওয়া হতো। নির্ধারিত সময়ের মধ্যে জাহাজ যাতে বন্দর ছেড়ে যাওয়ার সুযোগ পায় সে জন্য বন্দরের যাবতীয় মাশুল পরিশোধসহ সব ধরনের আনুষ্ঠানিকতাও আগেভাগে সম্পন্ন করে রাখা যেত। এটি আবার চালু হলে এসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শেষ করা যাবে।