চট্টগ্রাম বন্দরে 'বড়' কনটেইনার জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ চলাচল পথের প্রশস্ততা ও গভীরতা কম হওয়ার কারণে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনকারী বড় জাহাজ ভিড়তে পারে না। সে জন্য ফিডার জাহাজ খ্যাত ছোট আকারের জাহাজই চলাচল করে এখানে। তবে ছোট আকারের জাহাজের মধ্যেও সর্বোচ্চসংখ্যক কনটেইনার নিয়ে আজ রোববার বন্দরের জেটিতে ভিড়ছে একটি জাহাজ।
মায়ের্সক লাইনের এ জাহাজটির নাম ‘এমভি ক্যাপে মনটেরে’। বন্দরের তথ্য অনুযায়ী এটিই এই বন্দরে কনটেইনারবাহী ‘বড়’ জাহাজ।
বন্দর সূত্রে জানা যায়, জাহাজটিতে ১ হাজার ৬২৪ একক কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসাবে) রয়েছে। এর আগে সর্বোচ্চ এক হাজার ৩৪২ একক কনটেইনারবাহী জাহাজ ভিড়েছিল এই বন্দরে।
২০১৪ সালের তথ্য অনুযায়ী, বন্দরে আসা প্রতি জাহাজে গড়ে আমদানি কনটেইনার পরিবহন হয় ৮৩১টি করে।
মায়ের্সক লাইনের ওয়েবসাইটে বলা হয়, এমভি ক্যাপে মনটেরে ২ হাজার ২০২টি পর্যন্ত কনটেইনার পরিবহনে সক্ষম। তবে বন্দরের গভীরতা কম থাকায় জাহাজটি পুরো ধারণক্ষমতা অনুযায়ী কনটেইনার পরিবহন করতে পারেনি।