চট্টগ্রাম বন্দরের আয়ে ভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও নিজের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারছে না চট্টগ্রাম বন্দর। বন্দরের রাজস্ব আয়ের চেয়ে রাজস্ব ব্যয়ের হার বাড়ছে দ্রুতগতিতে। কনটেইনার ও পণ্য পরিবহন বাড়লেও কয়েক বছর ধরে ক্রমশ প্রকৃত আয় কমছে বন্দরের। সদ্য সমাপ্ত অর্থবছরে বন্দরের প্রকৃত আয় গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বন্দর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে বন্দরের কর-পরবর্তী প্রকৃত আয় হয়েছে ২৪৪ কোটি টাকা। অথচ এর আগের সাত বছরে প্রকৃত আয় ছিল এর চেয়ে বেশি। ২০১২-১৩ অর্থবছরের ব্যবধানে প্রকৃত আয় কমেছে প্রায় ২৭ শতাংশ বা ৯০ কোটি টাকা। মোট রাজস্ব আয় থেকে রাজস্ব ব্যয় ও আয়কর বাদ দিয়ে প্রকৃত আয় হিসাব করে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের অনিরীক্ষিত হিসাবে দেখা যায়, গত অর্থবছরে বন্দরের রাজস্ব আয় (পরিচলন ও অপরিচলন-নন অপারেশনাল খাত) হয়েছে এক হাজার ৫৯৫ কোটি টাকা। রাজস্ব ব্যয় হয়েছে ৮১৮ কোটি টাকা। এ সময়ে আয়কর পরিশোধ করা হয়েছে প্রায় ৫৩২ কোটি টাকা। অর্থাৎ​ প্রকৃত আয় হয়েছে ২৪৪ কোটি টাকা। এর আগে ২০০৭-০৮ অর্থবছর থেকে ২০১১-১২ পর্যন্ত ছয় অর্থবছরে প্রকৃত আয় ছিল যথাক্রমে ৩৭৭, ৪০১, ২৭৭, ৪৮৪, ৪৭৫ ও ৩৩৪ কোটি টাকা।

আয় কমে যাওয়ায় বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা ভাতাও কাটছাঁট করতে হচ্ছে। ২০১৩-১৪ অর্থবছরে পণ্য পরিবহন ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সাত দিনের প্রণোদনা ভাতা কাটছাঁট করার প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

জানতে চাইলে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রতিবছর পরিচলন ও রক্ষণাবেক্ষণ খাতে খরচ বাড়ছে। কিন্তু মাশুল বাড়ছে না। আবার বন্দরের মাশুল ডলারে আদায় করা হয়। ডলারের বিনিময়মূল্য কমে যাওয়ায়ও প্রভাব পড়েছে আয়ে। তবে নতুন নতুন বিনিয়োগের সুফল পাওয়া গেলে প্রকৃত আয় সামনে আরও বাড়বে।

রাজস্ব আয়-ব্যয়ের এই হিসাবের মধ্যে ব্যাংক সুদ থেকে প্রাপ্ত টাকা এবং মূলধনি ব্যয় (উন্নয়ন প্রকল্প, নতুন কেনাকাটা বাবদ খরচ) হিসাব করা হয়নি। তবে মূলধ​িন ব্যয় হিসাব করা না হলেও অবচয় বাবদ প্রতিবছর নির্দিষ্ট অঙ্কের টাকা রাজস্ব ব্যয়ের মধ্যে যুক্ত হচ্ছে।

বন্দর কর্মকর্তারা ব্যাখ্যা দিয়ে বলেন, কোনো যন্ত্র, অবকাঠামো বা সম্পদ যদি ১০০ টাকায় কেনা হয় এবং আয়ুষ্কাল ১০ বছর হয়, তাহলে প্রতিবছর ১০ টাকা করে অবচয় হিসাব করা হয়। এই টাকা প্রতিবছর রাজস্ব ব্যয় হিসেবে দেখিয়ে আলাদা তহবিলে রাখা হয়। সম্পত্তির আয়ুষ্কাল শেষ হলে অবচয় খাতের ওই টাকায় নির্দিষ্ট যন্ত্র, অবকাঠামো বা সম্পদ প্রতিস্থাপন করার কাজে ব্যবহার করা হয়।

বন্দরের তথ্য অনুযায়ী, সম্প্রতি নিরাপদ নৌ-চলাচল প্রকল্প, নেভিগেশনাল যন্ত্রপাতি, খননযন্ত্র, তিনটি কনটেইনার জাহাজ, ২৯টি যন্ত্রপাতি, পানি সরবরাহকারী জাহাজসহ বেশ কটি প্রকল্প, কেনাকাটা বা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। এসব সম্পদের অবচয় বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা রাজস্ব ব্যয় হিসেবে দেখানো হচ্ছে। আবার নতুন কেনাকাটা বা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পর তা রক্ষণাবেক্ষণেও নতুন করে খরচ যোগ হচ্ছে।

এ ছাড়া সম্প্রতি প্রায় দেড় হাজার জনবল নিয়োগের কারণে বেতন-ভাতা বেড়েছে। অধিকাল ভাতা, অাপ্যায়নভাতাসহ অনেকগুলো খাতে ব্যয় বেড়েছে। ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারায় প্রকৃত আয়ের ওপর প্রভাব পড়েছে।

চট্টগ্রাম বন্দর পর্ষদের সাবেক সদস্য (অর্থ) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পণ্য পরিবহন বাড়ার পরও বন্দরের প্রকৃত আয় কেন কমছে, তা নীতিনির্ধারকদের গুরুত্বসহকারে ভেবে দেখা উচিত।’ তিনি মনে করেন, পণ্য ওঠানো-নামানোর খরচ অনুযায়ী বন্দরের মাশুল হালনাগাদ করা দরকার। আবার অপ্রয়োজনীয় কাজ, সেবা ও কেনাকাটা বন্ধ করে স্বচ্ছতা আনতে হবে। পণ্য ওঠানো-নামানোসহ সব ধরনের দরপত্রে প্রতিযোগিতা নিশ্চিত করে ব্যয় কমানোর দিকে নজর দিতে হবে।

বন্দর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে কনটেইনার ওঠানো-নামানো সাড়ে ১০ শতাংশ বেড়ে হয়েছে সোয়া ১৬ লাখ একক কনটেইনার। কনটেইনারের পণ্যসহ মোট পণ্য পরিবহন সাড়ে আট শতাংশ বেড়ে হয়েছে চার কোটি ৭২ লাখ মেট্রিক টন। পণ্য পরিবহন বাড়ায় রাজস্ব আয় কিন্তু বাড়ছে। তবে রাজস্ব ব্যয় বেড়ে যাওয়ায় প্রকৃত আয় কমছে।

বন্দরের হিসাব অনুযায়ী, বন্দরের আয়ের খাতের মধ্যে ৮০ ভাগই আসে পরিচলন কার্যক্রম থেকে। এই তিনটি হচ্ছে জাহাজ, কনটেইনার ও পণ্য খাতের নানা মাশুল। এ ছাড়া বাকি ২০ শতাংশ আসে জমি লিজসহ বিবিধ খাত থেকে। রাজস্ব আয়ের বড় অংশই ব্যয় হয় পরিচলন, রক্ষণাবেক্ষণ ও বেতন-ভাতা খাতে। এর মধ্যে রয়েছে যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ, জ্বালানি খরচ, বেতন-ভাতা, ঠিকাদারদের বিল, যন্ত্রপাতির অবচয় খাত ইত্যাদি। এ ছাড়া আয়কর ও সরকারি কোষাগারে জমার পরিমাণও রাজস্ব ব্যয়ের হিসাবের মধ্যে পড়ে।