চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা হঠাৎ হ্রাস, উৎকণ্ঠায় ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সাধারণ জেটিতে এপ্রিল মাসে জাহাজের গড় অবস্থান সময় ছিল ২ দশমিক ৮০ দিন। মে মাসে তা বেড়ে হয় ৩ দশমিক ৪০ দিন। আর চলতি মাসের প্রথম ২০ দিনে এই অবস্থান গড়ে ৩ দশমিক ৫৫ দিনে দাঁড়িয়েছে। একইভাবে কমছে বন্দরের উৎপাদনশীলতাও। বছরের শুরুতে সাধারণ জেটিতে প্রতি ঘণ্টায় ১৪ বক্স কনটেইনার ওঠানামা হলেও এখন ঘণ্টায় ১২ বক্স কনটেইনার ওঠানামা হচ্ছে। বন্দর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।গত ১০ মে থেকে বন্দরের ১২টি সাধারণ জেটিতে পণ্য ওঠানামার কাজ বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার পর থেকেই বন্দরের অগ্রগতির সূচকে ছেদ পড়তে শুরু করেছে। প্রতি মাসে জাহাজের গড় অবস্থান সময় বাড়তে এবং উৎপাদনশীলতা কমতে থাকায় উৎকণ্ঠায় আছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯০ শতাংশ সম্পন্ন হয়।জাহাজের গড় অবস্থান সময় বেড়ে যাওয়ার অর্থ পণ্য পরিবহনে আগের চেয়ে বেশি সময় ব্যয় হওয়া। ফলে তৈরি পোশাকশিল্পের জাহাজী করা পণ্য আমদানিকারকের কাছে পৌঁছাতে সময় বেশি লাগছে। একইভাবে আমদানি করা পোশাকশিল্পের কাঁচামালসহ সব ধরনের পণ্য খালাসেও সময় বেশি লাগছে। এ রকম চললে বিদেশি জাহাজমালিকেরা ভাড়া বাড়িয়ে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা আগের চেয়ে অনেক কমে গেছে। তাই আমরা খুবই উৎকণ্ঠায় আছি। কারণ বন্দরের অগ্রগতি থমকে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তৈরি পোশাক খাত।’ উৎকণ্ঠিত জাহাজ ব্যবসায়ীরাও। আগের চেয়ে চট্টগ্রাম বন্দরে প্রতিটি জাহাজকে বেশিদিন অবস্থান করায় জাহাজ পরিচালনায় বেশি খরচ হচ্ছে। চলতি মাসের প্রথম ২০ দিনের হিসাবে, আগের চেয়ে প্রতিটি জাহাজ গড়ে এক দিন বেশি অবস্থান করছে। প্রতিদিনের ভাড়া বাবদ গড়ে ১৫ হাজার ডলার এবং পরিচালনা ব্যয় বাবদ পাঁচ হাজার ডলার ক্ষতিপূরণ গুনছেন জাহাজ ব্যবসায়ীরা। অর্থাৎ একটি জাহাজে আগে যে খরচ হতো, এখন তারচেয়ে অন্তত ২০ হাজার মার্কিন ডলার বেশি খরচ হচ্ছে।এ প্রসঙ্গে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাধারণ জেটিতে পণ্য ওঠানামার কাজ বন্দর নেওয়ার পর জাহাজ ব্যবসায়ীরা ক্ষতিপূরণ দিচ্ছেন। বন্দর কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি।’ পদক্ষেপ না নিলে বিদেশি জাহাজমালিকেরা পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়ে এই ক্ষতি পুষিয়ে নিতে পারেন বলে তিনি আশঙ্কা করেন। এর ফলে ভোগ্যপণ্যসহ দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বেশি ক্ষতিগ্রস্ত হবে। হঠাৎ করে বন্দরে এ অবস্থা হওয়ার কারণ জানতে চাইলে বন্দরের পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসাইন প্রথম আলোকে বলেন, ‘কনটেইনার ওঠানামার হার বেড়ে যাওয়া এবং বৃষ্টির কারণে অনেক যন্ত্রপাতি অচল হয়ে পড়ায় পণ্য ওঠানামায় ব্যাঘাত ঘটেছে। এ ছাড়া কয়েকটি জাহাজে কনটেইনার ওঠানামার যন্ত্রপাতিও অচল থাকায় পণ্য ওঠানামার কাজে ব্যাঘাত ঘটেছে।’ বন্দরের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর এপ্রিল, মে ও জুন এই তিন মাসে জাহাজের গড় অবস্থান সময় ছিল যথাক্রমে ২ দশমিক ৫০ দিন, ২ দশমিক ৪৬ দিন এবং ২ দশমিক ৪১ দিন। ২০০৯ সাল ও ২০০৮ সালে গড়ে জাহাজের গড় অবস্থান সময় ছিল ২ দশমিক ৪৮ দিন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কার কার্যক্রমের ফলে এই অগ্রগতি হয়। ২০০৭ সালের জানুয়ারি মাসে বন্দরে জাহাজের গড় অবস্থান সময় ছিল ১১ দশমিক ৬৫ দিন। সংস্কারকাজ শুরু হওয়ার পর ২০০৭ সালের শেষে জাহাজের গড় অবস্থান সময় দাঁড়ায় ৫ দশমিক শূন্য দুই দিনে। প্রসঙ্গত, আইনি জটিলতার কারণে গত ১০ মে থেকে বন্দরের সাধারণ জেটির (জেসিবি) ১২টিতে পণ্য ওঠানামার কাজ সাময়িক ব্যবস্থা হিসেবে বন্দরের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হতে থাকে। এর আগে এসব জেটিতে পণ্য ওঠানামার কাজ বেসরকারি অপারেটরদের মাধ্যমে করা হতো। নতুন করে এসব জেটিতে পণ্য ওঠানামার কাজ বেসরকারি অপারেটরদের মাধ্যমে পরিচালনা করার জন্য দরপত্র ডাকা হয়। গত ৩১ মে দরপত্র খোলা হলেও এখনো প্রক্রিয়া শেষ হয়নি। সাধারণ জেটির বাইরে বন্দরের সিসিটি (চিটাগাং কনটেইনার টার্মিনাল) ও এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ আগের মতো সাইফ পাওয়ার টেক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করছে।